২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় মাছ ধরার ট্রলারে ডাকাতি, ২৭ জেলেকে অপহরণ

বরগুনার বিষখালী-বলেশ্বর নদী মোহনার আশারচর এলাকা থেকে ২৭ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। তারা ২৭টি ট্রলারের মাছ, জাল ও ইঞ্জিনের যন্ত্রাংশ লুট এবং প্রত্যেক ট্রলার থেকে একজন করে জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 12:26 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

বরগুনা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার বিষখালী-বলেশ্বর নদী মোহনার আশারচর এলাকা থেকে ২৭ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। তারা ২৭টি ট্রলারের মাছ, জাল ও ইঞ্জিনের যন্ত্রাংশ লুট এবং প্রত্যেক ট্রলার থেকে একজন করে জেলেকে অপহরণ করে নিয়ে যায়। জলদস্যুদের কবল থেকে ছাড়া পাওয়া দুই জেলে মঙ্গলবার জেলার পাথরঘাটায় ফিরে এসে ট্রলার মালিক সমিতিকে এ খবর দেন। ডাকাতির শিকার মাছ ধরার ট্রলার এফ বি আল্লাহু'র জেলে আলী আকবর ও এফ রহমান'র জিন্নাত আলীর বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সাংবাদিকদের জানান, অপহৃতদের সুন্দরবনের গহীনে নিয়ে আটকে রেখেছে জলদস্যুরা। রোববার দুপুর থেকে সোমবার রাত পর্যন্ত ২০/২৫ জনের একটি দস্যুদল মাছ ধরার ট্রলারে হামলা চালায়। তারা মাছ, জাল ও ট্রলারের ইঞ্জিনের যন্ত্রাংশসহ প্রায় ৩০ লাখ টাকার মাল লুট করে বলে তিনি দাবি করেন। একইসঙ্গে প্রত্যেক ট্রলার থেকে একজন করে জেলেকে অপরহণ করে নিয়ে যায়। এদের মধ্যে আছেন- আল আমিন (২৮), জাফর হোসেন (২৫), আলাউদ্দিন (৩০), শাহ আলম (৩৫), কালু খান (৪০), বেলায়েত হোসেন (৫০)। মোস্তফা চৌধুরী জানান, দস্যুরা জেলেদের ছেড়ে দেওয়ার বিনিময়ে ২৭ লাখ চেয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুক্তিপণ দিয়ে জেলেদের ছাড়িয়ে আনার জন্য বলে দিয়েছে তারা। পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার ইকবাল হোসেন জেলে অপহরণের খবরের সত্যতা স্বীকার করে বলেন, খবর শোনার পরপরই বঙ্গোপসাগরে কোস্টগার্ডের টহল দল পাঠানো হয়েছে। গত কয়েক মাস ধরে বরগুনাসহ উপকূলের কয়েকটি এলাকা থেকে ব্যাপক হারে জেলে অপহরণের ঘটনা ঘটছে। জলদস্যুরা জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৭ ঘ.