২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় পঞ্চগড়ে ব্যাংক ব্যবস্থাপক ও চাঁদপুরে স্কুলছাত্র নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) শাখা ব্যবস্থাপক হাফিজার রহমান (৫২) নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2008, 12:10 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড়ের বোদা উপজেলায় সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) শাখা ব্যবস্থাপক হাফিজার রহমান (৫২) নিহত হয়েছেন। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অটোরিকশা চাপায় মারা গেছে শরীফ (১৩) নামে এক স্কুলছাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পঞ্চগড় প্রতিনিধি জানান, নিহত হাফিজার পঞ্চগড় শহরের নিউমার্কেট এলাকার বাসিন্দা। তিনি রাকাবের দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট শাখার ব্যবস্থাপক ছিলেন। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভীমপুকুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস মোটরসাইকেল আরোহী হাফিজারকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, হাফিজার পঞ্চগড় থেকে দেবীগঞ্জের দিকে যাচ্ছিলেন। চাঁদপুর প্রতিনিধি জানান, নিহত শরীফ শাহরাস্তির রাগৈ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। তার বাড়ি উপজেলার মেহার এলাকায়। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, সোমবার দুপুরে উপজেলার পানিওয়ালা-মেহার সড়ক দিয়ে শরীফ স্কুলে যাচ্ছিল। এ সময় সিএনজি চালিত একটি অটোরিকশা শরীফকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। লাশ ময়না তদন্তের জন্য বিকেলে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, অটোরিকশা ও এর চালককে আটক যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৮ ঘ.