২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ফ্রেন্ডশীপের ভাসমান হাসপাতাল উদ্বোধন

সাভার পৌর এলাকার কর্ণপাড়া ধলেশ্বরী নদী তীরে শনিবার 'ফ্রেন্ডশীপ হাসপাতাল-জাহাজ' এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এ ভাসমান হাসপাতালটি ব্রহ্মপুত্র নদ ধরে দেশের উত্তরাঞ্চলের ২৫০ কিলোমিটার পথে চলাচল করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2008, 01:38 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

সাভার, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভার পৌর এলাকার কর্ণপাড়া ধলেশ্বরী নদী তীরে শনিবার 'ফ্রেন্ডশীপ হাসপাতাল-জাহাজ' এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এ ভাসমান হাসপাতালটি ব্রহ্মপুত্র নদ ধরে দেশের উত্তরাঞ্চলের ২৫০ কিলোমিটার পথে চলাচল করবে। চিকিৎসা সুবিধা দেবে চর এলাকা এবং নদীর পারে বসবাসকারী ৩০ লাখের বেশি মানুষকে। উত্তরাঞ্চলের এই ধরনের কাজে নিয়োজিত এটি দ্বিতীয় জাহাজ। দুপুর ১২ টার দিকে হাসপাতালটি উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব সৈয়দ মোহাম্মদ জোবায়ের, এমিরেটস এয়ারলাইন এর প্রেসিডেন্ট টিম ক্লার্ক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আল খাজা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কিথ লংস্টাফ ও বেসরকারি সংস্থা (এনজিও) ফ্রেন্ডশীপের নির্বাহী পরিচালক রুনা খান মার প্রমুখ। দুই হাল বিশিষ্ট এই ভাসমান হাসপাতাল নির্মাণে এমিরেটস ফাউন্ডেশন প্রায় ৪ কোটি ৮৬ লাখ টাকা অনুদান দিয়েছে। অনুষ্ঠানে এমিরেটস এয়ারলাইনের প্রেসিডেন্ট টিম ক্লার্ক বলেন, এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের মানুষের সান্নিধ্যে আসতে পেরে এমিরেটস আনন্দিত। এটি বাংলাদেশে এমেিরটস ফাউন্ডেশনের 'ফ্লাগশীপ' প্রকল্প। তিনি বলেন, এই ভাসমান হাসপাতালে আছে চিকিৎসকদের চেম্বার, প্রাথমিক চিকিৎসার সুবিধা, দুটি অস্ত্রোপচার কক্ষ। আট শয্যার দু'টি ওয়ার্ড, শিশু ও মহিলা ইউনিট, ডেন্টাল রুম, প্যাথলজিক্যাল ল্যাবরেটরি, এক্স- রে রুম এবং আই রুম। রয়েছে বিনামূল্যে ঔষধ দেওয়ার জন্য ফার্মেসি। এতে আছে আটজন চিকিৎসক ও ২৪ জন কর্মকর্তা-কর্মচারি। ফ্রেন্ডশীপের নির্বাহী পরিচালক রুনা খান মার বলেন, নতুন এই ভাসমান হাসপাতাল হতদরিদ্র মানুষের কাছে সর্বোত্তম চিকিৎসা সেবা পৌঁছে দিতে সাহায্য করবে। এ হাসপাতালে বছরে ৬০ হাজার রোগীকে চিকিৎসা দেওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩১ ঘ.