গোপালগঞ্জ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজে শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির ও এমএইচ খান কলেজের অধ্যক্ষ আজমল হোসাইন সরদার লাঞ্ছিত হয়েছেন।
শুক্রবার সকালে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০০৮ এর অনুষ্ঠানে একদল যুবক আজমল হোসাইনের পাঞ্জাবী টেনে ছিড়ে ফেলে এবং চেয়ার-টেবিল ভাংচুর করে।
এ ঘটনায় অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
পুলিশ এ ঘটনায় বঙ্গবন্ধু কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ইব্রাহিম খলিলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
সরকারি বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ এম এ হাই জানান, সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু কলেজ প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দেন আজমল হোসাইন সরদার। এক পর্যায়ে কয়েকেজন যুবক অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে চেয়ার-টেবিল উল্টে ফেলে এবং ভাংচুর করে। তারা আজমল হোসাইন সরদারকে লাঞ্ছিতও করে। এ কারণে অনুষ্ঠান হয়নি।
তিনি এ ঘটনার জন্য বহিরাগতদের দায়ী করেছেন।
উপাধ্যক্ষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজমল হোসাইনকে জামায়াতের আমির হিসেবে নয়, এমএইচ খান কলেজের অধ্যক্ষ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।"
তিনি আরও জানান, ঘটনার পর তাৎক্ষণিকভাবে কলেজ শিক্ষক পরিষদের বৈঠক হয়েছে। বিষয়টি জানানো হয়েছে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে।
থানায় ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বঙ্গবন্ধু কলেজে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ। তারপরও জামায়াতের আমিরকে কলেজের অনুষ্ঠানে অতিথি করে আনার বিষয়টি সাধারণ ছাত্র-ছাত্রী থেকে শুরু করে কোনো ছাত্র সংগঠনই ভালভাবে নেয়নি। এ জন্যই এ ঘটনা ঘটেছে।"
এর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশেক সুজা মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ কর্তৃপক্ষ বা জামায়াতের আমির এখনও মামলা বা অভিযোগ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৬ ঘ.
bdnews24