ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে জমি বরাদ্দ করা নিয়ে আর্থিক অনিয়মের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ কথা জানান।
তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের 'কর্মকর্তা-কর্মচারী বহুমুখী সমবায় সমিতির' নামে নারায়ণগঞ্জ জেলার প্রায় ১৮ দশমিক ৬৬ একর পরিত্যক্ত ও খাস জমি অবৈধভাবে বরাদ্দ দেওয়া হয়। পরে ১০ শতাংশ সেলামীতে ওই সমিতির সদস্যদের আবাসিক প্রকল্পের জন্য বন্দোবস্ত দেওয়া হয়। এর ফলে সরকার ৮১ লাখ ৩০ হাজার ২৬৬ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়।
তিনি জানান, এই আর্থিক অনিয়মের সঙ্গে জড়িতদের মধ্যে রয়েছেন, তৎকালীন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ভূমি হুকুম দখল কর্মকর্তা, অতিরিক্ত ভূমি হুকুম দখল কর্মকর্তা, কানুনগো, সার্ভেয়ার ও তহসিলদার।
আর ওই প্রকল্পে জমি বরাদ্দ প্রাপ্তদের মধ্যে রয়েছেন কর্মরত ও অবসরপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, বিভাগীয় কমিশনারের স্ত্রী, জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা জজ, সামরিক কর্মকর্তা, ইউএনও, পৌর প্রশাসক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বেসরকারি বীমা কর্মকর্তা, ইসলামিক ফাউণ্ডেশনের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা, সমবায় অধিদপ্তরের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের পরিচালক, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মচারী ও পরিবহন পুলের ১৫ জন গাড়িচালক।
হানিফ ইকবাল আরও বলেন, "ওই অনিয়মের পুরস্কার হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অনেক কর্মকর্তা-কর্মচারী সমিতির সদস্য না হয়েও জমি বরাদ্দ পান।"
তিনি জানান, যারা এই অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিএইচ/এসকে/২০১৮ঘ.
bdnews24