২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য অধ্যাদেশ অনুযায়ী কর্মকর্তা নিয়োগে সব প্রতিষ্ঠানের প্রতি আহ্বান

তথ্য সরবরাহ করার জন্য প্রত্যেক প্রতিষ্ঠানে এক জন করে 'দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা' নিয়োগের আহ্বান জানিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 12:00 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য সরবরাহ করার জন্য প্রত্যেক প্রতিষ্ঠানে এক জন করে 'দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা' নিয়োগের আহ্বান জানিয়েছে সরকার। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ আহ্বান জানানো হয়। গত ২০ অক্টোবর তথ্য অধিকার অধ্যাদেশ জারি করা হয়। তাতে ৬০ দিনের মধ্যে ওই সব কর্মকর্তা নিয়োগ বাধ্যতামূলক করা হয়। অধ্যাদেশের ধারা-১০ এ বলা হয়েছে, "প্রত্যেক মন্ত্রণালয়/বিভাগ/কার্যালয় কর্তৃক এবং এর অধীনস্ত 'তথ্য প্রদান ইউনিট' (দপ্তর/অধিদপ্তর/পরিদপ্তর/সংস্থা/সংযুক্ত অফিস/প্রতিষ্ঠান)- এ অধ্যাদেশ জারির ৬০ দিনের মধ্যে তথ্য দেওয়ার জন্য একজন 'দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা' নিয়োগ বাধ্যতামূলক।" এছাড়া সরকারি অর্থায়নে পরিচালিত বা সরকারি তহবিল হতে সাহায্যপুষ্ট কোনও বেসরকারি সংস্থা (এনজিও)/প্রতিষ্ঠান, বিদেশি সাহায্যপুষ্ট কোনও বেসরকারি সংস্থা (এনজিও)/ প্রতিষ্ঠান, সরকারের পক্ষে অথবা সরকার বা সরকারি কোনো সংস্থা/প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তি মোতাবেক সরকারি কার্য পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কোনও বেসরকারি সংস্থা (এনজিও)/প্রতিষ্ঠান এবং সরকারি অর্থে যেসব বেসরকারি ঠিকাদারি/সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান মালামাল সরবরাহ/সেবা প্রদান করে সেসব বেসরকারি প্রতিষ্ঠানকেও অধ্যাদেশ জারির ৬০ দিনের মধ্যে 'দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা' নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। অধ্যাদেশ জারির পর ৩০ দিন বুধবার অতিক্রান্ত হয়েছে। সব প্রতিষ্ঠানে কর্মকর্তা নিয়োগে আর ৩০ দিন সময় রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমআই/১৮০৩ ঘ.