পঞ্চগড়, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তের ময়নাগুড়ি গ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে নিহত তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও গ্রামবাসীর আতঙ্ক কাটেনি।
গত রোববার রাতে মাঝিপাড়া সীমান্তের ৪৩৫ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে ভারতের নয়াবাড়ি বিএসএফ ফাঁড়ির ৮/১০ জন জওয়ান ময়নাগুড়ি গ্রামে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে মাজেদা বেগম, তার শিশুপুত্র মামুন ও গোলাম মোস্তফা নামে তিন ব্যক্তি নিহত হন। আহত হন অন্তত ১৫ জন।
ওই রাতে গ্রামবাসীর হাতে আটক বিএসএফ সদস্য অশোক সিংকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে সোমবার রাতে হস্তান্ত করা হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
মাজেদার বাবা আব্দুল কুদ্দুস এবং মোস্তফার ছেলে সাইদুর রহমান সাংবাদিকদের জানান, ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যায় তিনজনের লাশ তাদের কাছে হস্তান্ত করা হয়। রাতেই ময়নাগুড়ি জামে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে তাদের দাফন করা হয়।
তিনজনের মৃত্যুতে গ্রামের শোকের ছায়া নেমে এসেছে। মোস্তফার বাড়িতে চলছে মাতম। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে ভবিষ্যতের কথা ভেবে স্ত্রী ও ছেলে-মেয়েরা দুশ্চিন্তায় পড়েছেন।
পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র সাইদুর সাংবাদিকদের বলেন, "বিএসএফ ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করেই খালাস। কিন্তু আমাদের কী হবে। কিভাবে আমাদের সংসার চলবে।"
মাজেদার বাবা আব্দুল কুদ্দুস জানান, মামুন ছাড়াও তার (মাজেদা) পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। সে এখনও জানে না তার মা ও ছোট ভাই মারা গেছে। বাবা শহিদুল যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সে খবরও তার জানা নেই। ঘটনার সময় সে তার নানাবাড়ি পার্শ্ববর্তী দলুয়াতে বেড়াতে গিয়েছিল।
তারাসহ আরও কয়েকজন গ্রামবাসী জানান, গ্রামে ঢুকে গুলি করে গ্রামবাসী হত্যার ঘটনায় গ্রামে এখনও আতঙ্ক বিরাজ করছে। ভয় আর আতঙ্কের কারণে সোমবার রাতে নারী ও শিশুদের অন্যত্র নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০০ ঘ.
bdnews24