ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া প্রার্থীদের সমর্থক ও কর্মীরা মঙ্গলবার সকাল থেকেই সুধা সদনের সামনে বিক্ষোভ করছে।
এর মধ্যে একদল কর্মী কাফনের কাপড় পরে আওয়ামী লীগ সভানেত্রীর বাড়ির সামনে অবস্থান নিয়েছে।
শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আসা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) একটি প্রতিনিধি দলও মনোনয়নবঞ্চিতদের সমর্থকদের বাধার মুখে পড়ে।
নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তাদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে। সোমবার থেকে সুধা সদনে মনোনীত প্রার্থীদের চিঠি তুলে দিচ্ছেন শেখ হাসিনা।
সুধা সদনে ঢোকার মুখে প্রথম নিরাপত্তা চৌকির সামনে মনোনয়নবঞ্চিতদের বিক্ষোভ চলছে। বিভিন্ন আসনে মনোনয়ন পাওয়া প্রার্থীদের বিরুদ্ধেও স্লোগান দিচ্ছে তারা।
পিরোজপুর-২ আসনে মনোনয়ন চেয়ে ব্যর্থ অধ্যক্ষ শাহআলমের সমর্থকরা সোমবার রাতেই সুধাসদনের সামনে অবস্থান নেয়। মঙ্গলবার সকাল থেকেও বিক্ষোভ করছে তারা।
ওই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে হাবিবুর রহমান শেখকে।
অপরদিকে চাঁদপুর-৪ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে শফিকুর রহমানকে। ওই আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন অপর প্রার্থী ড. শামসুল হক ভুঁইয়া।
শামসুল হকের সমর্থকরা কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে আছে। প্রার্থী পরিবর্তনের দাবিতে স্লোগানও দিচ্ছে তারা।
মনোনয়ন না পাওয়া সাবেক প্রতিমন্ত্রী খম জাহাঙ্গীরের সমর্থকরাও সোমবার রাতে বিক্ষোভ করে।
মনোনয়নবঞ্চিতদের সমর্থকরা এনডিআই প্রতিনিধি দলের গাড়ি সুধা সদনে ঢুকতে বাধা দেয়। সুধা সদন থেকে বেশ দূরে গাড়ি রেখে হেঁটে তারা আওয়ামী লীগ সভানেত্রীর বাড়িতে ঢোকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/এমআই/১৪৩২ ঘ.
bdnews24