চট্টগ্রাম, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকা থেকে ৬০০ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার হওয়া দীপক কুমার নাথ (৩৫) দক্ষিণ কাট্টলী এলাকার বাসিন্দা। এসময় ফেনসিডিল বহনকারী একটি প্রাইভেট কারও আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার নাইমুল হাছান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাত পৌনে দুইটার দিকে দক্ষিণ কাট্টলী আকু লাইফ হেলথ কেয়ারের সামনে থেকে দীপক কুমার নাথকে ৬০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, এসব ফেনসিডিল ফেনী থেকে প্রাইভেট কারযোগে চট্টগ্রাম আনা হচ্ছিল। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, নগরীর সিটি গেট এলাকায় সোমবার ভোরে একটি বাসে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় কাপড় উদ্ধার করেছে। উদ্ধারকৃত পণ্যের মধ্যে ৬০ টি শাড়ি, ৬০ টি থ্রি পিস, ২০ টি গেঞ্জি রয়েছে। জব্দকৃত কাপড়ের মূল্য আনুমানিক ২ লাখ টাকা বলে পুলিশ জানায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২০০৩ঘ.
bdnews24