২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ধর্ষণের অপরাধে একজনের যাবজ্জীবন

চট্টগ্রামের ফটিকছড়িতে এক কিশোরীকে ধর্ষণের অপরাধে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 01:23 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রামের ফটিকছড়িতে এক কিশোরীকে ধর্ষণের অপরাধে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে অপরাধীর দশ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও এক বছরের দণ্ড হয়েছে। রোববার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ নুর এ রায় দেন। সাজাপ্রাপ্ত এজাহার মিয়া ফটিকছড়ি উপজেলার আজিমপুর এলাকার বজল আহমেদের ছেলে। আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য আসামি এজাহারের বাবা বজল আহমদকে খালাস দিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল করিম ভূইঁয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্ষণকারী এজাহার মিয়ার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দিয়েছে। মামলার এজাহার অনুযায়ী ২০০১ সালের ৫ ফেব্র"য়ারি রাত আড়াইটার দিকে ফটিকছড়ি উপজেলার আজিমপুর এলাকার একটি বাড়িতে ঢুকে এজাহার মিয়া মেয়েটিকে ধর্ষণ করে। আইনজীবী ফজলুল করিম জানান, ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু তা না হওয়ায় পরে ধর্ষিতার বাবা বাদি হয়ে ২০০১ সালের ১১ জুলাই একটি মামলা দায়ের করেন। একই বছরের ১০ নভেম্বর এ মামলার অভিযোগপত্র দাখিল এবং ২০০৩ সালের ১৭ জুন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/১৯১৪ঘ.