২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রকে হত্যার দায়ে চট্টগ্রামে একজনের মৃত্যুদণ্ড

কুমিল্লা জেলার চর্থা এলাকায় তৃতীয় শ্রেণীর ছাত্র তানিমকে অপহরণের পর হত্যার অভিযোগে মাহবুবুর রহমান টিটু নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 11:47 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা জেলার চর্থা এলাকায় তৃতীয় শ্রেণীর ছাত্র তানিমকে অপহরণের পর হত্যার অভিযোগে মাহবুবুর রহমান টিটু নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। হত্যাকাণ্ডে সহায়তা করায় রিপন চন্দ্র দাশ ও আলমগীর নামে অপর দুই আসামিকে যথাক্রমে সাত ও ছয় বছর করে কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম রোববার এ রায় দেন। আসামিদের সবাই কারাগারে রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তানিমকে হত্যার ঘটনায় টিটু সরাসরি যুক্ত থাকায় তাকে আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। অপর দুই আসামির বিরুদ্ধেও হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযাগ প্রমাণিত হয়েছে।" মামলার এজাহারে জানা যায়, গত বছরের ১৬ সেপ্টেম্বর কুমিল্লা জেলার দক্ষিণ চর্থা গ্রামের ইবনে তাইমিয়া স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র তানিমকে স্কুলে যাবার পথে অপহরণ করে আসামিরা। তানিমকে তারা স্থানীয় একটি ভবনে আটকে রেখে নৃশংসভাবে হত্যা করে এবং তার মায়ের কাছ থেকে দশ লাখ টাকা মুক্তিপন দাবি করে। এ ঘটনায় কুমিল্লার কতোয়ালি মডেল থানায় একটি অপহরণ মামলা হয়। পরবর্তীতে পুলিশ তানিমের লাশ উদ্ধার করে এবং আসামিদের গ্রেপ্তার করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, গত ২৬ মার্চ পুলিশ এ মামলায় অভিযোগপত্র দেয়। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতে স্থানান্তরের পর গত ৩০ জুলাই বিচারক তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফএফ/জেকে/১৭৩৫ ঘ.