ঢাকা,নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কারাবন্দি চার ভিআইপি নির্ধারিত ২৪ ঘন্টার মধ্যে কারা কর্তৃপক্ষের কারণ দর্শানোর জবাব দিয়েছেন।
উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে চার ভিআইপি বন্দি ব্যারিস্টার নাজমুল হুদা, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস ও ওয়াদুদ ভুঁইয়া কারণ দর্শানোর লিখিত জবাব দিয়েছেন। তবে শনিবার সরকারি ছুটি থাকায় তাদের জবাব গুলো দেখা হয়নি। রোববার এ বিষয়ে জানা যাবে।
কারাবিধি ভঙ্গের অভিযোগে কারা কর্তৃপক্ষ এই চার জনের বিরুদ্ধে গত শুক্রবার কারণ দর্শানোর জন্য চিঠি দেয়। চিঠিতে ২৪ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়।
কারা সূত্র জানান, এই চার ভিআইপি বন্দির বিরুদ্ধে কারাবিধি ভঙ্গ করে বাইরের খাবার গ্রহণ করা, প্রায় প্রতিদিন আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা এবং নেতা কর্মীদের সঙ্গে দলীয় বৈঠক করাসহ নানা অভিযোগ রয়েছে। এছাড়া এর আগে এদের বিরুদ্ধে মোবাইলে কথা বলার অভিযোগও পাওয়া যায়। এসব অবৈধ সুযোগ করে দেওয়ার জন্য ইতিমধ্যে ২৮ জন কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
অভিযোগ প্রমাণিত হলে সব সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন বলে জানান মেজর সামসুল হায়দার ছিদ্দিকী।
এদিকে এই চার ভিআইপি বন্দির মধ্যে ওয়াদুদ ভুঁইয়াকে শনিবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৮১৫ঘ.
bdnews24