অলীপ ঘটক, বাগেরহাট ও আহাদ চৌধুরী তুহিন, ভোলা
বাগেরহাট ও ভোলা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছর আগের সেই দুঃসহ রাতের বেদনাময় স্মৃতি উপকূলবাসীকে এখনও আতঙ্কিত করে তোলে। ২০০৭ সালের ১৪ নভেম্বর। রাত সাড়ে ১০টার দিকে প্রলয়ঙ্করী ঝড় সিডরের তোড়ে ভয়াবহ জলোচ্ছ্বাস আঘাত হানে উপকূলীয় ১৬টি জেলায়। প্রাণহানির সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও সম্পদের ক্ষয়ক্ষতি হয় ব্যাপক যার ধাক্কা এখনো সামলে উঠতে পারেননি সবাই।
সামুদ্রিক ঝড় সিডর ও তা থেকে সৃষ্ট জলোচ্ছ্বাসে নিহত হয় প্রায় সাড়ে তিন হাজার উপকূলবাসী। নিখোঁজ আরও হাজারখানেক। সিডরের এক বছর পরেও নিহতের নিশ্চিত সংখ্যা নির্ধারণ করা যায়নি।
মৃতের হিসাবে হয়তো সিডরের আঘাতের ভয়াবহতার পুরো চিত্রটি বোঝা যাবে না। যারা এর শিকার হয়েছেন বা ঘটনার পরপরই আক্রান্ত এলাকা ঘুরেছেন কেবল তারাই জানেন কত ধ্বংসাত্মক ছিলো তা।
বাগেরহাট: ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার এক বছর পরও বিধ্বস্ত বাগেরহাটে দাতা সংস্থার সহযোগিতায় বেসরকারি সংগঠনগুলোর গৃহ পুনর্বাসন কর্মসূচি শেষ করা সম্ভব হয়নি। ভারত ও সৌদি সরকারসহ বিভিন্ন দেশ ও দাতা সংস্থার অর্থায়নে অন্তত ২৯টি দেশি-বিদেশি সংগঠন এসব ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছিল। ফলে জেলার বিভিন্ন এলাকায় কয়েক শ' পরিবার এখনো গৃহহীন অবস্থায় রয়েছে। তা ছাড়া খাস জমির ব্যবস্থা করতে না পারায় অমীমাংসিত রয়ে গেছে শরণখোলার ক্ষতিগ্রস্ত সহস্রাধিক ভূমিহীন পরিবারের ঘর পাবার বিষয়টিও।
এ ছাড়া যথাযথভাবে নির্মাণ ব্যয় প্রস্তাব তৈরি করতে না পারায় জেলায় ভূমিহীনদের জন্য প্রস্তাবিত ১৭৪০টি ঘর নির্মাণের প্রকল্পটিও ঝুলে আছে। জাপান সরকারের আর্থিক সহযোগিতায় প্রায় সাড়ে ১৭ কোটি টাকা ব্যয়ে জেলার তিনটি উপজেলায় এ সব ব্যারাক ঘর নির্মাণের কথা রয়েছে। উপজেলা তিনটি হচ্ছে মংলা, মোরেলগঞ্জ ও বাগেরহাট সদর।
জেলার শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ সোনাতলা গ্রামের আলেয়া বেগম (৪৬) জানান, সিডরের সময় তিনি তার অসুস্থ স্বামীকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন। সিডরের তিন-চার দিন পর গ্রামে ফিরে দেখেন তার ঘর ভেসে গেছে। কিন্তু সিডরের রাতে এলাকায় না থাকার অজুহাতে তালিকা প্রস্তুতকারীরা তার নাম নেয়নি। ফলে তিনি কোনো ঘর পাননি। এখনও খোলা আকাশের নিচে রয়েছেন।
একই উপজেলার দক্ষিণ সাউথখালী গ্রামের (৬ নং ওয়ার্ড) মৃত আশরাফুল আলম খাঁর স্ত্রী লাইলী বেগম (২৮) জানান, সিডরে তার ঘর ভেসে স্বামী ও এক কন্যা সাদিয়া (৫) নিহত হয়েছে। দাফনের জন্য উঁচু কোন জায়গা না পেয়ে তিনি বিধ্বস্ত ভিটায় স্বামী ও কন্যার লাশ দাফন করেছিলেন। পরে তিনি পৈত্রিক সম্পত্তির ওপর তাকে একটি ঘর করে দেওয়ার জন্য বার বার অনুরোধ জানালেও আজও তিনি ঘর পাননি। এখনও তিনি তার পিতা সুলতান শিকদারের পরিবারে ১১ বছরের মেয়ে মুনমুনকে নিয়ে পড়ে আছেন।
সাউথখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পঞ্চায়েত জানান, শুধু তার এলাকাতেই প্রায় সাড়ে চারশ পরিবার ঘর পায়নি। বাকি ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোর চিত্রও কাছাকাছি।
বাগেরহাট জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসে সংরক্ষিত তালিকা অনুযায়ী বেসরকারী বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিধ্বস্ত শরণখোলাসহ জেলার বিভিন্ন এলাকায় ২১ হাজার নয় শত বারোটি ঘর নির্মাণ করার প্রতিশ্র"তি ছিল। এর মধ্যে ১৩ হাজার ৮১৮টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। নির্মানাধীন আছে আরো দুই হাজার ১৭৩টি ঘর।
বাগেরহাটের জেলা প্রশাসক অপরূপ চৌধুরী জানান, ভারত সরকার প্রতিশ্র"তি অনুযায়ী মোরেলগঞ্জে দুই হাজার ৬২৫টি ঘর নির্মাণ করে না দেওয়ায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঘর বিতরণ তৎপরতা বিশেষভাবে ব্যাহত হয়েছে। অন্য এনজিওগুলোর প্রতিশ্র"তি অনুযায়ী যে তিন হাজার ২৩৬টি ঘরের নির্মাণ কাজ বাকি আছে তা আগামী ডিসেম্বর নাগাদ শেষ করা সম্ভব হবে বলে তিনি জানান।
তবে নির্মিত ঘরগুলোর গুণগত মান ও এর উপযোগিতা নিয়েও প্রশ্ন উঠেছে। বেসরকারি সংগঠনগুলো দাতাদের টাকায় সাতাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ ত্রিশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন দামে এ সব ঘর নির্মাণ করেছে। বেশিরভাগ ঘরই বেশি ছোট আকারের এবং দুর্বল বাঁধুনির যা দুর্যোগ মোকাবেলার জন্য যথেষ্ট টেকসই না বলেই অনেকে মনে করেন।
ঘরের মান ও আকার সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজম খান বলেন, "বেশিরভাগ ঘরই আক্ষরিক অর্থে মুরগি পালনের উপযোগী, মানুষ থাকার উপযোগী না। সরকারের প্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের সমন্বয় ছাড়াই বেসরকারি সংগঠনগুলো নিজ খুশিমত দাতাদের কাছ থেকে তহবিল সংগ্রহ করে কাজ করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।"
সিডরের পর বাগেরহাট জেলা প্রশাসনের তৈরি করা তালিকা অনুযায়ী জেলায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবার ছিল ৬৩ হাজার এবং আংশিক ক্ষতিগ্রস্ত ছিল এক লাখ ছয় হাজার পরিবার।
ভোলা: ভোলায় সিডরের আঘাতের রাতে নিখোঁজ হওয়া আট জেলের সন্ধান আজও মেলেনি। এই সব পরিবারে এখনো নিখোঁজদের সন্ধানে চলছে হাহাকার। স্থানীয় প্রশাসন বা কোনো বেসরকারি সংস্থা কেউই এসব পরিবারের খোঁজ নিচ্ছেন না। খেয়ে না কাটছে এদের দিন।
সংসারে উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় অভাব চেপে ধরেছে এসব পরিবারকে। নিখোঁজদের আত
bdnews24