ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অভিনেতা আসলাম তালুকদার মান্নার চিকিৎসায় অবহেলার প্রমাণ পেয়েছেন বিচার বিভাগীয় তদন্ত কমিটি।
তদন্ত শেষে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিকের এক সদস্যের কমিটি বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রতিবেদন মুখ্য মহানগর হাকিমের আদালতে জমা দিয়েছেন।
হৃদরোগে আক্রান্ত মান্না গত ১৭ ফেব্র"য়ারি গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তির পর মারা যান।
এ ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ এনে মামলা হওয়ার পর বিচারবিভাগীয় তদন্ত কমিটি করা হয়।
প্রতিবেদনে দেখা গেছে, হাসপাতালের চিকিৎসক মো. এনায়েত হোসেন শেখ, মোমেনুজ্জামান, খন্দকার মাহবুব হোসাইন, ফাতেমা, মইনুল ইসলাম মজুমদার ও জহির উদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে কমিটি।
প্রয়াত মান্নার স্ত্রীর বড়ভাই রেজা কাদের গত ১৮ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ওই ছয়জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা করেন।
প্রতিবেদনের বিষয়ে বাদির আইনজীবী ব্যারিস্টার আইনজীবী ব্যারিস্টার খন্দকার মোহাম্মদ মুশফিকুল হুদা বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, বিচার বিভাগীয তদন্ত কমিটি ছয় চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে। তদন্তের সময় কমিটি চারজনের সাক্ষ্য নিয়েছে।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আগামী রোববার আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি গ্রহণ করবেন বলেও আইনজীবী জানান।
রেজা কাদেরের মামলার অভিযোগে বলা হয়, বুকে ব্যথা অনুভব করায় মান্নাকে গত ১৭ ফেব্র"য়ারি ভোর ৪ টার দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট চিকিৎসকরা সকাল ৯টায় সেখানে আসেন।
অভিযোগে আরো বলা হয়, গুরুতর হার্ট অ্যাটাকের ৯০ মিনিটের মধ্যে নির্দিষ্ট ইঞ্জেকশন বা বিকল্প চিকিৎসাপদ্ধতি গ্রহণের নিয়ম থাকলেও মান্নার ক্ষেত্রে তা করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এসএনডি/এমএসবি/২১৩৩ ঘ.
bdnews24