২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার অভিযোগে বাখরাবাদ গ্যাসের দুই কর্মকর্তা গ্রেপ্তার

ঘুষ নেয়ার অভিযোগে চট্টগ্রাম বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের (বিজিএসএল) হালিশহর বিক্রয় বিভাগের দুই সহকারী ব্যবস্থাপক সৈয়দ সালাহউদ্দিন আহমদ ও নুরুল ইসলামকে বুধবার গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2008, 12:21 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

চট্টগ্রাম, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেয়ার অভিযোগে চট্টগ্রাম বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের (বিজিএসএল) হালিশহর বিক্রয় বিভাগের দুই সহকারী ব্যবস্থাপক সৈয়দ সালাহউদ্দিন আহমদ ও নুরুল ইসলামকে বুধবার গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মেজর জুলফিকার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আওরঙ্গজেব বাবুল নামে এক ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে সকালে হালিশহর বিক্রয় বিভাগে অভিযান চালানো হয়। এ সময় ঘুষের ছয় হাজার টাকাসহ দুই কর্মকর্তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ২০টি সংযোগের অনুমতির জন্য তারা বাবুলের কাছ থেকে ওই টাকা নিচ্ছিল।" জুলফিকার জানান, সালাহউদ্দিনের কাছ থেকে পাঁচ হাজার এবং নুরল ইসলামের কাছ থেকে এক হাজার টাকা উদ্ধার করা হয়। গুলবাগ আবাসিক এলাকার ঠিকাদার বাবুল জানান, এর আগে ২০টি সংযোগ অনুমোদনের জন্য তার কাছে থেকে দুই কর্মকর্তা সাত হাজার টাকা নিয়েছিলেন। গত সোমবার আরও ২০টি সংযোগের জন্য তারা আরো ছয় হাজার টাকা দাবি করে। মঙ্গলবার তিনি বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে জানালে কমিশন বুধবার অভিযান চালায়। অবশ্য সহকারী ব্যবস্থাপক সালাহউদ্দিন ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেছেন, "ওই ঠিকাদার আমাদেরকে জোর করে টাকা গছিয়ে দেয়ার চেষ্টা করছিলো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/টিএইচ/জেকে/১৮১৫ ঘ.