রাজশাহী, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্ধারিত সময়ে সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ার মামলায় রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তানোরের মুন্ডুমালা পৌরসভার মেয়র শীশ মোহাম্মদকে তিন বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে জঙ্গি মদদের মামলায় রাজশাহীর একটি আদালত শীশ মোহাম্মদকে ৩১ বছর কারাদণ্ড দিয়েছিল।
সম্পদের হিসাব বিবরণী যথাসময়ে জমা না দেওয়ার মামলায় মঙ্গলবার রায় দেন রাজশাহীর বিভাগীয় বিশেষ জজ মো. সাজেদুল করিম।
বর্তমান সরকার গত বছর ক্ষমতা গ্রহণের পর থেকে শীশ মোহাম্মদ পলাতক রয়েছেন।
চলতি বছর ৬ ফেব্রুয়ারি সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য দুর্নীতি দমন কমিশন শীশ মোহাম্মদকে নোটিশ দেয়। ওই নোটিশে ৭ থেকে ১৭ ফেব্র"য়ারির মধ্যে তাকে হিসাব বিবরণী দাখিলের জন্য বলা হয়।
কিন্তু যথাসময়ে নোটিশের জবাব না দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের রাজশাহীর উপ-পরিচালক আব্দুল করিম তার বিরুদ্ধে মামলা করেন। গত ১ জুলাই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়।
রাষ্টপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌসুলি (পিপি) শহীদুল হক খোকন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫৮ ঘ.
bdnews24