২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাপিদের সুযোগ দিতে আরো সহজ হল নির্বাচনী আইন

গণপ্রতিনিধিত্ব আদেশে তৃতীয় দফা সংশোধনী আনার পর খেলাপি বিল পরিশোধ ও ঋণ হালনাগাদ করার জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় পাচ্ছেন সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 01:13 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণপ্রতিনিধিত্ব আদেশে তৃতীয় দফা সংশোধনী আনার পর খেলাপি বিল পরিশোধ ও ঋণ হালনাগাদ করার জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় পাচ্ছেন সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবির সোমবার সাংবাদিকদের বলেন, "মনোনয়নপত্র জমা দেওয়ার এক সপ্তাহ আগ পর্যন্ত ঋণ ও বিল পরিশোধ করে প্রার্থী হওয়ার সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করা হয়েছে। সেক্ষেত্রে এবার প্রার্থী হতে চাইলে ১৩ নভেম্বরের (বৃহস্পতিবার) মধ্যে খেলাপি ঋণ ও বিল পরিশোধ করতে হবে। পুনর্নির্ধারিত তফসিল অনুযায়ী, জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২০ নভেম্বর।" গত রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশে তৃতীয় দফা সংশোধনী আনার মাধ্যমে ঋণ ও বিলখেলাপিদের জন্য নির্বাচনে অংশ নেওয়ার প্রক্রিয়া আরো শিথিল করা হয়। গত ১৯ আগস্ট গণপ্রতিনিধিত্ব আদেশের প্রথম সংশোধনীতে বলা হয়, ঋণখেলাপিরা মনোনয়ন দাখিলের ছয় মাস আগে ঋণ হালনাগাদ করে প্রার্থী হতে পারবেন। আর বিলখেলাপিদের (গ্যাস, বিদ্যুৎ, পানি ও টেলিফোন) তিন মাস আগের সব বিল পরিশোধ করতে হবে। এরপর এ অধ্যাদেশে আরেক দফা সংশোধন এনে ঋণ ও বিল হালনাগাদের জন্য সময় বাড়ানো হয়। এতে বলা হয়, মনোনয়ন দাখিলের ১৫ দিন আগে অর্থ পরিশোধ করেও প্রার্থী হওয়া যাবে। সর্বেশষ রোববার রাতে আইনটি আরো শিথিল করা হয়। এক প্রশ্নের জবাবে সচিব হুমায়ুন কবির বলেন, "রাজনৈতিক দলগুলোর চাপে নয়, প্রার্থীদের বাস্তবতা বিবেচনা করেই গণপ্রতিনিধিত্ব আদেশে পরিবর্তন আনা হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা ঋণ ও বিল পরিশোধের জন্য বসে আছে। কিন্তু যথেষ্ট সময় না থাকায় তারা সুযোগ পাচ্ছেন না।" তিনি জানান, মনোনয়ন দাখিলের সময়সীমা বাড়ানোয় রাজনৈতিক দল নিবন্ধনের কার্যক্রম এ সপ্তাহেও চলবে। নিবন্ধন আবেদন বাছাই কমিটির প্রধান ও কমিশনের যুগ্মসচিব নুরুল ইসলাম খান জানান, সোমবার পর্যন্ত ২২টি দলের নিবন্ধন চূড়ান্ত হয়েছে। আরো ৪টির (ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি ও কল্যাণ পার্টি) ব্যাপারে গণবিজ্ঞপ্তি প্রকাশ করার পর কোনো আপত্তি পাওয়া যায়নি। এছাড়া ৬টি দলকে (পিডিপি, গণফোরাম, ন্যাশনাল পিপলস পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মুসলিম লীগ ও গণফ্রন্ট) নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এসএনডি/১৮৫৮ ঘ.