২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে আরও সমাধানমুখী হতে হবে: হোসেন জিল্লুর

নির্বাচনের বিষয়ে বিএনপির কাছে আরও 'দায়িত্বশীল' ভূমিকা আশা করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 07:39 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের বিষয়ে বিএনপির কাছে আরও 'দায়িত্বশীল' ভূমিকা আশা করছে সরকার। আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় বিষয়ে বিএনপির সিদ্ধান্ত ঘোষণা না করার প্রেক্ষাপটে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "সবাইকেই আরও দায়িত্বশীল, যৌক্তিক ও সমাধানমুখী চিন্তায় এগিয়ে আসতে হবে।" বিএনপিকে নির্বাচনে আনতে সরকার পুনরায় আলোচনা করবে কিনা- সাংবাদিকরা প্রশ্ন করলে উপদেষ্টা একথা বলেন। হোসেন জিল্লুর বলেন, "আমরা সব সমস্যাই আলাপ-আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে চাই। এক্ষেত্রে সবার সহায়তা প্রত্যাশা করছি।" আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষিত রয়েছে। তবে বিএনপিসহ চারদলীয় জোট নির্বাচনে যাওয়ার ঘোষণা এখনও দেয়নি। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রোববার বলেছেন, "সংলাপে দেওয়া সাত দফা বাস্তবায়ন হলে আমরা নির্বাচনে যাব। তবে নির্বাচনের নামে কোনও প্রহসনে বিএনপি অংশ নেবে না।" নির্বাচন কমিশন রোববার তফসিলে কিছু পরিবর্তন এনেছে। এতে ভোটগ্রহণের তারিখ অপরিবর্তিত রেখে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ এক সপ্তাহ পিছিয়ে ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। তবে বিএনপি তফসিলের এই পরিবর্তনকেও প্রত্যাখ্যান করেছে। এ প্রেক্ষাপটে সরকার সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে উপদেষ্টা হোসেন জিল্লুর জানান। তিনি বলেন, "সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনা ও পর্যবেক্ষণ করছে এবং সমাধানমুখী চিন্তায় এগিয়ে যাচ্ছে।" গণপূর্ত মন্ত্রণালয়ে সংলাপের দায়িত্বপ্রাপ্ত চার উপদেষ্টাদের বৈঠকের পরই সাংবাদিকদের সঙ্গে হোসেন জিল্লুরের কথা হয়। বৈঠকে অংশ নেওয়া অপর উপদেষ্টারা হলেন- এএফ হাসান আরিফ, গোলাম কাদের ও আনোয়ারুল ইকবাল। এরপর চার উপদেষ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর সংস্কার কাজ পরিদর্শনের জন্য রওনা হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১৩৪২ ঘ.