২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুর-নিজামী-মুজাহিদ আদালতে, জামায়াত সমর্থকদের ভিড়ে যানজট

বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় বিএনপি নেতা সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সংসদ ভবনের বিশেষ জজ আদালত-২ এ হাজির হয়েছেন। ঘটনাস্থল থেকে জানাচ্ছেন লিটন হায়দার ও প্রদীপ চৌধুরী ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 05:48 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় বিএনপি নেতা সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সংসদ ভবনের বিশেষ জজ আদালত-২ এ হাজির হয়েছেন। ঘটনাস্থল থেকে জানাচ্ছেন লিটন হায়দার ও প্রদীপ চৌধুরী। সোমবার সকাল ১০টার দিকে প্রথমে নিজামী, এর ১৫ মিনিট পর মুজাহিদ এবং সাড়ে ১১টায় সাইফুর আদালতে আসেন। তিনজনকেই উচ্চ আদালত সোমবারের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। একই মামলায় রোববার দুপুরে বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন। তবে আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। নিজামী ও মুজাহিদের আইনজীবীরা জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই তারা আত্মসমর্পণ করবেন। আদালতে বিচারকাজ শুরু হলে তারা আত্মসমর্পণ করতে পারেন বলেও জানান তাদের আইনজীবীরা। আত্মসমর্পণের শেষ দিন হওয়ায় সকাল থেকে সংসদ ভবনের পূর্ব দিকের প্রবেশপথসহ চারপাশে জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের কয়েক হাজার কর্মী-সমর্থক সকাল থেকে সমাবেত হয়েছে। তারা সরকারবিরোধী স্লোগান দিচ্ছে। সংসদ ভবনসহ আশাপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশপাশের রাস্তা পুলিশ আটকে রেখেছে। বিজয় সরণী থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। গত ২৬ ফেব্র"য়ারি খালেদা জিয়া ও সাবেক ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুর্নীতি দমন কমিশন খনি দুর্নীতি মামলা দায়ের করে। গত ৫ অক্টোবর ১৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে। গত ৬ অক্টোবর আদালত আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ মামলার নয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়। কিন্তু পুলিশ মুজাহিদকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। যদিও ওই সময়ে মুজাহিদকে সরকারের সঙ্গে সংলাপসহ দলীয় বিভিন্ন কর্মসূচিতে দেখা যায়। মুজাহিদ ১৯ অক্টোবর জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে যান। তবে হাইকোর্ট জামিন না দিয়ে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এলএইচ/এজে/জিএনএ/১১৪০ ঘ.