ঢাকা, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুঁড়োদুধে মেলামিনের উপস্থিতি পরীক্ষার প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে সরকার। আদালত সোমবার এ বিষয়ে আদেশ দেবে।
রোববার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ গুঁড়োদুধে মেলামিন পরীক্ষার প্রতিবেদন পরীক্ষা করে দেখেন এবং এ বিষয়ে সব পক্ষের বক্তব্য গ্রহণ করেন।
গত ৬ নভেম্বর গুঁড়োদুধে মেলামিন পরীক্ষার প্রতিবেদন তলব করেছিল হাইকোর্ট।
সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল গুঁড়োদুধে মেলামিনের উপস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, আণবিক শক্তি কমিশন, বিএসটিআই, বেসরকারি প্রতিষ্ঠান প্লাজমা প্লাস ও থাইল্যান্ডের কয়েকটি প্রতিষ্ঠানের পরীক্ষার প্রতিবেদন আদালতে জমা দেন।
তিনি বলেন, মেলামিনের উপস্থিতি পরীক্ষার জন্য সরকার থাইল্যান্ডে নমুনা পাঠিয়েছিল। আটটি ব্র্যান্ডের মধ্যে তিনটি গুঁড়োদুধে মেলামিন পাওয়া গেছে। অন্যগুলোতে পাওয়া যায়নি।
গত ২৩ অক্টোবর হাইকোর্ট কিছু পরীক্ষায় মেলামিনযুক্ত বলে চিহ্নিত আটটি বহুল প্রচলিত ব্র্যান্ডের গুঁড়োদুধ প্রদর্শনী ও বিক্রি বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দেয়। ওই আটটি ব্র্যান্ড হলো- ডিপ্লোমা, রেডকাউ, ডানো, ইয়াশলি-১, ইয়াশলি-২, সুইট বেবি-২, নিডো ফর্টিফাইড ইন্সট্যান্ট ও অ্যানলিন।
থাইল্যান্ডের পরীক্ষায় তাদের দুধে মেলামিন সনাক্ত হয়নি জানিয়ে নেসলে, ডিপ্লোমা ও রেড কাউ ব্র্যান্ডের পক্ষের আইনজীবীরা হাইকোর্টের আদেশ খারিজের আবেদন জানান।
অন্যদিকে ইউরোপের কোনো দেশে এসব গুঁড়োদুধের পুনঃপরীক্ষার আবেদন জানিয়ে রিটকারী মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, "প্রতিবেদনগুলোর একটির সঙ্গে আরেকটির কোন সামঞ্জস্য নেই। আণবিক শক্তি কমিশনের পরীক্ষায় সাতটি ব্র্যান্ডের গুঁড়োদুধে মেলামিন পাওয়া গেলেও সরকার তা স্বীকার করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আটটি ব্র্যান্ডের গুঁড়োদুধেই মেলামিন পাওয়া গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এসকে/২০২৪ঘ.
bdnews24