২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়নপত্র জমার সময় ২০ নভেম্বর পর্যন্ত বেড়েছে

সংসদ ও উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমার সময় আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নেয়। তবে দুই নির্বাচনেরই ভোট গ্রহণের তারিখ অপরিবর্তিত রাখা হয়েছে। গত ২ নভেম্বর ঘোষিত তফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৩ নভেম্বর। >>সংসদীয় আসন ভিত্তিক ভোটার সংখ্যা >>উপজেলা ভিত্তিক ভোটার সংখ্যা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 08:23 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ ও উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমার সময় আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নেয়। তবে দুই নির্বাচনেরই ভোট গ্রহণের তারিখ অপরিবর্তিত রাখা হয়েছে। গত ২ নভেম্বর ঘোষিত তফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৩ নভেম্বর। রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সভাপতিত্বে কমিশনের এক বৈঠকে মনোনয়নপত্র দাখিল ও প্রত্যাহারের সময় পরিবর্তন করা হয়। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকে ২ নভেম্বরের তফসিল অনুযায়ী ভোটগ্রহণের তারিখ বহাল রেখে অন্যান্য সময়সূচি পুনর্র্নিধারণের সিদ্ধান্ত হয়।" বৈঠকের পর ইসি সচিব মুহম্মদ হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, সংসদ ও উপজেলা- ঊভয় নির্বাচনেই মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ নভেম্বর। ২৩ ও ২৪ নভেম্বর সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। ২৫ থেকে ২৭ নভেম্বরের মধ্যে উপজেলা নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ ডিসেম্বর। সংসদ নির্বাচনের দিন ১৮ ডিসেম্বর এবং উপজেলা নির্বাচনের দিন ২৮ ডিসেম্বর অপরিবর্তিত থাকবে। ২ নভেম্বর ঘোষিত তফসিলে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ছিল ১৬ ও ১৭ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ছিল ২৪ নভেম্বর। উপজেলা নির্বাচনে ১৩ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করার কথা ছিল। প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২৭ নভেম্বর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব মুহম্মদ হুমায়ুন কবির বলেন, "রিটার্নিং কর্মকর্তা এবং প্রার্থীদের অনুরোধে মনোনয়ন দাখিলের সুবিধার্থে নির্বাচনের তফসিলে আংশিক পরিবর্তন আনা হয়েছে। তবে এ তারিখ আর পেছানো হবে না।" গত ২ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণে সংসদ ও উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি এটিএম শামসুল হুদা। জরুরি অবস্থা জারির পর বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পুনর্গঠিত নির্বাচন কমিশনের অধীনে এটাই প্রথম সংসদ নির্বাচন। তবে বর্তমান কমিশনের অধীনে চারটি সিটি কর্পোরেশন এবং নয়টি পৌরসভায় গত আগস্ট মাসে নির্বাচন হয়। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ছবিসহ ভোটার তালিকা তৈরি করা হয়। এমএ আজিজ নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ২০০৭ সালের ২২ জানুয়ারির (বাতিল হওয়া) নির্বাচনের তফসিল ঘোষণার পর সময়সূচি তিনবার পরিবর্তন করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এমআই/১৮৪১ ঘ.