২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পৌঁছেছেন খালেদা, বিকালে জনসভা

পথে পথে দলীয় নেতা-কর্মী-সমর্থকদের শুভেচ্ছায় সিক্ত খালেদা জিয়া শুক্রবার দুপুরে চট্টগ্রাম পৌঁছেছেন। বিকালে লালদীঘি ময়দানে জনসভায় ভাষণ দেবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 08:20 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পথে পথে দলীয় নেতা-কর্মী-সমর্থকদের শুভেচ্ছায় সিক্ত খালেদা জিয়া শুক্রবার দুপুরে চট্টগ্রাম পৌঁছেছেন। বিকালে লালদীঘি ময়দানে জনসভায় ভাষণ দেবেন তিনি। জামিনে মুক্ত হওয়ার পর এটাই ঢাকার বাইরে বিএনপি চেয়ারপারসনের প্রথম সফর। নির্বাচনে যেতে বিএনপির সুস্পষ্ট ঘোষণা এখন পর্যন্ত না থাকার প্রেক্ষাপটে জনসভায় খালেদা কী বলবেন- তা নিয়ে রাজনৈতিক মহলে ঔৎসুক্য রয়েছে। খালেদা জিয়ার গাড়িবহর দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম নগরীতে প্রবেশ করে বলে জানিয়েছেন গাড়িবহরের সঙ্গে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ। বিএনপির হাজার-হাজার নেতা-কর্মী-সমর্থক চট্টগ্রামে খালেদা জিয়াকে স্বাগত জানায়। তাদের মুখে ছিল স্লোগান, হাতে ছিল দলের নির্বাচনী প্রতীক ধানের শীষ। হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন খালেদা। চট্টগ্রামে খালেদা জিয়াকে স্বাগত জানান সাবেক মন্ত্রী আবদুুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী প্রমুখ। বন্দর নগরীতে পৌঁছে সরকারি ডাক বাংলোয় (সার্কিট হাউজে) যান খালেদা জিয়া। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে লালদীঘিতে যাবেন তিনি। বিকাল ৪টায় খালেদা জিয়া জনসভায় যাবেন বলে দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন। তবে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সকাল থেকেই লালদীঘি ময়দানে আসতে শুরু করে বিএনপি নেতা-কর্মীরা। চট্টগ্রামের আশপাশের জেলাগুলো থেকেও মিছিল এসেছে। দুপরের পর ময়দান ভরে ওঠে। ৩টা থেকে স্থানীয় নেতারা বক্তৃতাও শুরু করেন। সমবেত নেতা-কর্মীদের হাতে বিভিন্ন ব্যানার-ফেস্টুন রয়েছে। বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীদের ব্যানারও রয়েছে সমাবেশস্থলে। লালদীঘি জনসভা ঘিরে চট্টগ্রাম বিএনপি ব্যাপক প্রস্তুতি নেয়। চট্টগ্রামের বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লালদীঘির জনসভায় আমরা লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি নিয়েছি।" বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তায় চট্টগ্রাম সফরে যাওয়া খালেদা জিয়ার গাড়িবহরে তিন শতাধিক পাজেরো, প্রাইভেট কার ও মাইক্রোবাসে দলীয় নেতা-কর্মীরা ঢাকা থেকে আসেন। ঢাকা থেকে চট্টগ্রামের পথে বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীরা রাস্তার দুই ধারে জড়ো হয়ে শুভেচ্ছা জানায় দলীয় প্রধানকে। বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা। পথে তিনি কুমিল্লার পদুয়ার বাজারে হোটেল নূরজাহানে যাত্রা বিরতি দেন। ওই সময় স্থানীয় হাজার-হাজার নেতা-কর্মীর ভিড় জমায় ওই হোটেলে। সকালে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়েই চট্টগ্রামের পথে রওনা হন খালেদা জিয়া। খালেদা জিয়ার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা আসম হান্নান শাহ, যুগ্মমহাসচিব সেলিমা রহমান, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাংসদ রাবেয়া চৌধুরী, সিরাজুল ইসলাম সেলিম প্রমুখ। ২০০৭ সালে ২২ জানুয়ারির নির্বাচনের (বাতিল হওয়া) প্রচারণায় অংশ নিতে ওই বছরের ১০ জানুয়ারি সর্বশেষ কুমিল্লায় সড়ক পথে এ ধরনের গণসংযোগ করেন খালেদা জিয়া। চলতি বছরের ১১ জানুয়ারি জামিনে মুক্ত হওয়ার পর এই প্রথম ঢাকার বাইরে সফর করছেন বিএনপি চেয়ারপারসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/কিউএইচ/এমআই/১৪১০ ঘ.