২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে কঠিন চীবর দান উৎসব শুরু

রাঙামাটির রাজ বনবিহারে বৃহস্পতিবার শুরু হয়েছে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব। উৎসব ঘিরে রাঙামাটি শহরে সৃষ্টি হয়েছে আনন্দঘন পরিবেশ। ইতোমধ্যে উৎসবে যোগ দিতে তিন পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশ থেকে পূর্ণার্থীরা রাঙামাটিতে উপস্থিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 03:09 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

রাঙামাটি, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটির রাজ বনবিহারে বৃহস্পতিবার শুরু হয়েছে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব। উৎসব ঘিরে রাঙামাটি শহরে সৃষ্টি হয়েছে আনন্দঘন পরিবেশ। ইতোমধ্যে উৎসবে যোগ দিতে তিন পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশ থেকে পূর্ণার্থীরা রাঙামাটিতে উপস্থিত হয়েছেন। এছাড়াও রাজ বনবিহারের আশেপাশে রকমারী জিনিসপত্রের দোকান, খাবার দোকান ও নাগর দোলাসহ নানা সামগ্রীর পসরা বসেছে। সুষ্ঠুভাবে উৎসব উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রায় আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের যুগে প্রবর্তিত হয়েছে কঠিন চীবর দান। ২৪ ঘন্টার মধ্যে সূতা কাটা থেকে শুরু করে কাপড় বয়ন, সেলাই ও রং করাসহ যাবতীয় কাজ শেষ করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়ে থাকে। ৩৫ বছর আগে বৌদ্ধ ধর্মীয় সাধক বনভান্তে হিসেবে খ্যাত সাধনানন্দ মহাস্থবিরের উৎসাহে রাঙামাটিতে বুদ্ধ যুগের নিয়মে দেশে প্রথম কঠিন চীবর দান উৎসব উদযাপন শুরু হয়। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী উৎসব উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেনে, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তাগুলোকে রক্ষা করতে সরকার কাজ করে যাচ্ছে। বৌদ্ধ ধর্মের এ বৃহৎ উৎসব দেশের সাংস্কৃতিক বিকাশকে আরও বেগবান করবে। বিশেষ সহকারী রাজা দেবাশীষ রায় বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জুমিয়াদের উৎপাদিত জুমের তুলার কারণে শত শত বছর ধরে এ অঞ্চলে বেইন (তাঁত) টিকে আছে। জুমিয়াদের এ কৃষ্টিকে ধরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। ভগবান বুদ্ধের অহিংসা ও শান্তির বাণী সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। উৎসব উদ্বোধনের পর পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে বনবিহারের পাশে বেইন (কোমর তাঁত) ঘরে কাজ শুরু হয়। প্রার্থনা ধর্মীয় গুরু বিশুদ্ধানন্দ মহাস্থবির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুরুল আমীন, রাজ বনবিহার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সমর বিজয় চাকমা ও সাধারণ সম্পাদক মুরতি সেন চাকমা। এ বছর বেইন ঘরের ১১২টি কোমর তাঁতে প্রায় ৬৭২জন ও চরকা-চরকীতে ১৫০ জন আদিবাসী ধর্মপ্রাণ নারী ২৪ ঘন্টার মধ্যে তূলা থেকে সূতা তৈরি, কাপড় বুনন, রং ও সেলাই করে চীবর (রং কাপড়) প্রস্তুত করবেন। শুক্রবার দুপুরের দিকে এসব চীবর বনবিহারের প্রধান ও বৌদ্ধ ধর্মীয় সাধক সাধনান্দ মহাস্থবিরের উদ্দেশ্যে দেওয়া হবে। পরে এ চীবর ভিক্ষু সংঘের মাধ্যমে ভিক্ষুদের দেওয়া হবে। চীবর দানের সময় ধর্মীয় বাণী (দেশনা) শোনাবেন বনভান্তে সাধনান্দন মহাস্থবির। এ সময় জগতের সকল প্রাণীর সুখ-শান্তি ও সমৃদ্ধি এবং পরলোকগত আত্মীয়-স্বজনদের পরলৌকিক কল্যাণ কামনা করে প্রার্থনা করা হবে। এর আগে সকালে ভিক্ষু সংঘের প্রাতরাশ, বুদ্ধ পূজা ও ভিক্ষু সংঘকে পিণ্ডদান করা হবে। সন্ধ্যায় মোম প্রজ্জ্বলন ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শেষ হবে উৎসব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৯ ঘ.