কুমিল্লা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় বৃহস্পতিবার বিকেলে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন।
সংঘর্ষের সময় ট্রাকে থাকা এসিড উল্টে বাসের ডান পাশে পড়লে ওই অংশটি ঝলসে যায় এবং আগুন ধরে যায়। এতে বাসের ১০ যাত্রীরা পুড়ে মারা যান বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এদের মধ্যে অন্তত ১০ জনকে কুমিল্লা সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মহাসড়কের বুড়িচংয়ের কোরপাই এলাকায় বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ট্রাকে থাকা এসিডের ড্রাম উল্টে গেলে বাসের ডান পাশের অংশ ঝলসে যায়। সঙ্গে সঙ্গে বাসে আগুনও ধরে যায়। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান ১০ জন বাস যাত্রী। আহত হন ৩০ জন।
ওসি জানান, ঘটনার পর পর খবর পেয়ে কুমিল্লা থেকে দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা বাসের আগুন নেভাতে সক্ষম হয়। দূর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিলে বিকেল সাড়ে ৪টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
তিনি জানান, কুমিল্লার জেলা প্রশাসক মো. মনজুরুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুজ্জোহা, কুমিল্লার সহকারী পুলিশ সুপার শওকতুল বারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) নাজমুল হক খানকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও ওসি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৩ ঘ.
bdnews24