২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেলামিন পরীক্ষার সব প্রতিবেদন তলব করেছে হাইকোর্ট

গুঁড়োদুধে বিষাক্ত মেলামিন পরীক্ষার চারটি প্রতিবেদন তলব করেছে হাইকোর্ট। আগামী ৯ নভেম্বর এই প্রতিবেদন আদালতে জমা দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ এই আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 01:00 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুঁড়োদুধে বিষাক্ত মেলামিন পরীক্ষার চারটি প্রতিবেদন তলব করেছে হাইকোর্ট। আগামী ৯ নভেম্বর এই প্রতিবেদন আদালতে জমা দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ এই আদেশ দেয়। গুঁড়োদুধে মেলামিন পরীক্ষার প্রতিবেদন জমা দিতে সরকারের প্রতি নির্দেশ চেয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট আগামী রোববার এ বিষয়ে পরবর্তী আদেশ দেবে। এ মামলায় পক্ষভুক্ত হওয়ার জন্য ডানো, রেডকাউ ও নেসলের আবেদনও মঞ্জুর করেছে হাইকোর্ট। শুনানিতে মানবাধিকার সংগঠনটির পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরশেদ বলেন, "গুঁড়োদুধে মেলামিন পরীক্ষা করেছে বিএসটিআই, ঢাকা বিশ্ববিদ্যালয়, আনবিক শক্তি কমিশন ও থাইল্যান্ড। এই চারটি পরীক্ষার প্রতিবেদনের একটির সঙ্গে আরেকটির কোন সামঞ্জস্য নেই। তাছাড়া মেলামিন পর্যালোচনার জন্য গঠিত টেকনিক্যাল কমিটি মতৈক্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত দেয়নি।" তাই এই প্রতিবেদনগুলো আদালতের সামনে উপস্থাপন করলে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে বলে তিনি দাবি করেন। সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল বলেন, "গুঁড়োদুধে মেলামিন পরীক্ষার জন্য সরকার থাইল্যান্ডে নমুনা পাঠিয়েছিল। তিনটি ব্র্যান্ডের গুঁড়োদুধে রাসায়নিকটির চিহ্ন পাওয়া গেছে। অন্যগুলোতে পাওয়া যায়নি।" গত ২৩ অক্টোবর হাইকোর্ট কিছু পরীক্ষায় মেলামিনযুক্ত বলে চিহ্নিত আটটি বহুল প্রচলিত ব্র্যান্ডের গুঁড়োদুধ প্রদর্শনী ও বিক্রি বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দেয়। ওই আটটি ব্র্যান্ড হলো- ডিপ্লোমা, রেডকাউ, ডানো, ইয়াশলি-১, ইয়াশলি-২, সুইট বেবি-২, নিডো ফর্টিফাইড ইন্সট্যান্ট ও অ্যানলিন। হাইকোর্টের নির্দেশ সরকার যথাযথভাবে বাস্তবায়ন করছে না এই অভিযোগে গত ২৭ অক্টোবর বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ও পুলিশের মহাপরির্শকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে মানবাধিকার সংগঠন হিউম্যান অ্যান্ড পিস ফর বাংলাদেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) সহায়তায় থাইল্যান্ডের পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর সরকার জানায়, আটটির মধ্যে শুধু মাত্র চীনের তিনটি ব্র্যান্ডে মেলামিন পাওয়া গেছে। তবে এ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান তাজমেরী ইসলাম এ ফলের সঙ্গে ভিন্নমত প্রকাশ করে বলেছেন, থাইল্যান্ডের একটি পরীক্ষাগারে অন্য ব্র্যান্ডের দুধেও মেলামিন ধরা পড়লেও তিনটি ল্যাবের পরীক্ষাতেই ধরা পড়েনি এ যুক্তিতে সরকার তাদের মেলামিনমুক্ত বলে ঘোষণা করেছে। এর আগে দেশের পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়, সরকারী গবেষণাগার ও একটি বেসরকারী পরীক্ষাগারের পরীক্ষায় তিন রকম ফল ধরা পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ৮ টি ব্র্যান্ডেই প্লাস্টিক সামগ্রীতে ব্যবহৃত রাসায়নিক পদার্থটি পাওয়া গিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এসকে/১৮৫১ঘ.