২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আগুনে দেড় শতাধিক দোকান-বসতবাড়ি পুড়ে গেছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি বাজারে বুধবার গভীর রাতে আগুন লেগে দেড় শতাধিক দোকান ও বসতবাড়ি পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 10:07 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ফরিদপুর, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি বাজারে বুধবার গভীর রাতে আগুন লেগে দেড় শতাধিক দোকান ও বসতবাড়ি পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে বাজার বণিক সমিতির সম্পাদক মাওলানা ইছহাকসহ ১০ জন আহত হয়েছেন। ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘন্টার চেষ্টায় বৃহস্পতিবার ভোর ৬টার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সকাল ৯টার দিকে আগুন সম্পূর্ণভাবে নেভাতে সক্ষম হন দমকলকর্মীরা। ভাঙ্গা উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, "বুধবার রাত পৌনে ৩টার দিকে একটি বেকারীর চুলা থেকে আগুন লেগে থাকতে পারে। খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই এবং আগুনের ভয়াবহতা দেখে ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিই।" তিনি জানান, বাজারের প্রতিটি দোকানের পেছনের অংশে বসতবাড়ি ছিল। আগুনে দোকানঘর ও মালামালের সঙ্গে বসত বাড়িও পুড়ে গেছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শামীম আহসান চৌধুরী জানান, ভোর পৌনে ৪টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। তিনটি ইউনিট একসঙ্গে কাজ করায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষতিগ্রস্থ দোকানদার ও বাজার বণিক সমিতির সভাপতি আবু জাফর মুন্সী জানান, অন্তত একশ' জন ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছেন। এ অবস্থায় ভাঙ্গার ফায়ার সার্ভিস স্টেশনে জনবল নিয়োগ দেওয়ার মাধ্যমে দ্রুত চালু করার দাবি জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, আগুনে দোকান ঘর, মালামাল, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ২০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে তারা ধারণা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬০০ ঘ.