ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসিনাকে স্বাগত জানাতে বৃহস্পতিবার মিছিলের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। প্রধান প্রধান সড়কে ছিল দলীয় কর্মীদের উপচে পড়া ভিড়। এতে পুরো নগরীর পরিবহন ব্যবস্থা ভেঙ্গে পড়ে। যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। অনেকেই বাধ্য হন পায়ে হেঁটে কর্মস্থলে যেতে। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন হক।
সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গাড়ি মিছিল নিয়ে নগরীতে ঢুকতে শুরু করে। প্রধান সড়কগুলোয় অতিরিক্ত গাড়ির চাপ আর নিরাপত্তাজনিত পদক্ষেপে বিকল্প সড়কগুলোতে দেখা দেয় জট।
ধানমণ্ডির একটি বেসরকারি সংস্থায় কাজ করেন মিরপুর পূরবীর সানিয়া সিরাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অফিসে টেলিফোন করে তিনি তার ভোগান্তির কথা জানান।
তিনি বলেন, "যানজটের কারণে সকাল আটটায় পূরবী থেকে রওয়ানা হয়ে মিরপুর-১ হয়ে ধানমণ্ডি আসতে আমার সময় লেগেছে প্রায় আড়াই ঘণ্টা। বাস স্ট্যান্ডগুলোতে গাড়ি সঙ্কটও ছিল চোখে পড়ার মতো।"
আওয়ামী লীগের গাড়ি মিছিলের কারণেই রাস্তায় এই যানজট সৃষ্টি হয় বলে মন্তব্য করেন তিনি।
বার্তা সংস্থা এপি'র রিপোর্টার জুলহাস আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাঁচ থেকে ছয় কিলোমিটার হেঁটে অফিসে পৌঁছাতে হয়েছে আমাকে।"
খিলগাঁও থেকে সোবহানবাগ আসতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আসিফের সময় লাগে প্রায় তিন ঘণ্টা। মৎস্য ভবন থেকে শাহবাগ মোড় পর্যন্ত আসতে ব্যয় হয় পৌণে একঘণ্টা। আর মিরপুর সড়ক বন্ধ থাকায় সোজাপথ এড়িয়ে ধানমণ্ডি-১৫ নম্বর হয়ে গন্তব্যে পৌঁছুতে হয় তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মোহসিনুল করিম জানান, এদিন রাস্তায় মিরপুর থেকে ছেড়ে আসা বাসের সংখ্যা স্বাভাবিকের চেয়ে শতকরা ১০ ভাগ কম ছিল। এ কারণে অনেককেই রিকশা, ভ্যান কিংবা পায়ে হেঁটে গন্তব্যের দিকে ছুটতে দেখা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-সম্পাদক ফাহমিদা ফারজানা জানান, সকাল সাড়ে সাতটার দিকেও মিরপুরের রাস্তায় কোন যানবাহন পাওয়া যায়নি। প্রায় ঘণ্টাখানেক অপেক্ষার পর বাস পেলেও মিছিল ও যানজটের কারণে তার বাস প্রায় একঘণ্টা একই জায়গায় থেমে ছিল। শেখ হাসিনার দেশে ফেরার খবর সংগ্রহ করতেই প্রতিদিনের নিয়মের বাহিরে অফিস আসতে চেয়েছিলেন তিনি। ধানমণ্ডি পৌঁছুতে তার সময় লাগে প্রায় দেড় ঘণ্টা।
কলাবাগানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত মাহবুবা আক্তার জানান, সকাল আটটায় কুড়িল বিশ্বরোড থেকে রওয়ানা দিয়ে বাড্ডা হয়ে মহাখালী আসার পরে তিনি যানজটে পড়েন। যানজটের কারণে মহাখালী ফ
bdnews24