ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ মাস বিদেশে থাকার পর দেশে ফিরেছেন শেখ হাসিনা।
সাময়িক মুক্তি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাওয়ার পর বৃহস্পতিবার সকাল নয়টার একটু পর এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান থেকে মাটিতে পা ফেলেন সাবেক প্রধানমন্ত্রী।
বিমানবন্দর থেকে সুমন মাহবুব জানাচ্ছেন, বিমান থেকে নেমে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর ভিআইপি লাউঞ্জে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন বঙ্গবন্ধু কন্যা।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান। পুরো বিমানবন্দর এলাকায় বসানো হয়েছে দু'স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা।
বৃহস্পতিবার ভোর থেকেই এসএসএফ'র সদস্যরা বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জের নিরাপত্তার দায়িত্ব বুঝে নেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও অংগসংগঠনের কয়েকজন নেতা ও সাংবাদিক ছাড়া অন্য কাউকে ভিআইপি লাউঞ্জে ঢুকতে দেওয়া হয়নি।
বিমানবন্দরের বাইরের রাস্তায় কাটা তারের ব্যারিকেড বসানো হয়েছে। যাতে নির্ধারিত ব্যক্তিগণ বিমান বন্দরে প্রবেশ করতে পারেন।
কয়েক হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তার দু'পাশে দাড়িয়ে শেখ হাসিনাকে স্বাগত জানান। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার,আসন্ন নির্বাচনকে স্বাগত ইত্যাদি বিষয় ব্যানারে স্থান পেয়েছে।
ঢাকার আশপাশের এলাকা থেকেও ট্রাকে করে নেতা কর্মীরা বিমান বন্দর এলাকায় এসে জড়ো হয়ে তাদের নেত্রীকে স্বাগত জানান।
আমাদের প্রতিবেদক মোশতাক আহমেদ বলছেন, হাসিনাকে স্বাগত জানাতে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে সকাল থেকেই কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়েছে। মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে তারা এখানে জড়ো হয়েছে। অনেক কর্মী আবার হাজির হয়েছে ঢাক ঢোল হাতে নিয়ে। কারো কারো হাতে রয়েছে ফুল।
সকাল থেকেই এ রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
শেখ হাসিনাকে ২০০৭ এর ১৬ জুলাই গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ১১ জুন বিদেশে চিকিৎসার জন্য তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। গত ১২ জুন তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। দীর্ঘ প্রায় ৫ মাস পর বৃহস্পতিবার তিনি দেশে ফিরেছেন। এদিনই তার সাময়িক মুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ইএইচবি/এমএ/এফএফ/জিএনএ/০৯৫২ ঘ.
bdnews24