ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওবামার বিজয় নিকট ভবিষ্যতে বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন আনবে না বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
বুধবার বারাক ওবামার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া উপলক্ষে ঢাকার মার্কিন দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে মরিয়ার্টি এ কথা জানান। মরিয়ার্টি বলেন, "বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি তিনটি 'ডি'কে ঘিরে আবর্তিত- ডেমোক্রেসি (গণতন্ত্র), ডেভলপমেন্ট (উন্নয়ন) ও ডিনায়াল অফ স্পেস টু টেরোরিস্ট (সন্ত্রাসীদের প্রতিরোধ)। এই নীতিতে কোনো পরিবর্তন আসছে না।"
ওবামা ব্যক্তিগত যোগ্যতায়ই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মন্তব্য করে মরিয়ার্টি বলেন, "সিনেটর ওবামাকে একজন কালো মানুষ হিসেবে নয়, বরং একজন প্রার্থী হিসেবে দেখেছে আমেরিকার জনগণ এবং একজন প্রার্থী হিসেবেই তাকে নির্বাচিত করেছে।"
তিনি বলেন, "যুক্তরাষ্ট্রে কিছু বর্ণবাদ রয়েছে, যেকোনো দেশেই তা থাকে। কিন্তু বেশিরভাগ নাগরিক তাকে (ওবামা) প্রার্থী হিসেবে দেখেছে, তার ব্যক্তিগত দক্ষতা বিবেচনায় এসেছে।"
রাজনীতিক, বুদ্ধিজীবী, কূটনীতিক, সাংবাদিক ও অন্যান্য পেশাজীবীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে একটি প্রতীকী ভোট অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশীদের অংশগ্রহণে ওই ভোটাভুটিতে ২২৮ ভোট পান ওবামা আর মাত্র ৮ ভোট পান ম্যাককেইন।
অনুষ্ঠানের অতিথি অধ্যাপক আনিসুজ্জামান বলেন, "আমেরিকা ও বিশ্বের জন্য এটা একটা ঐতিহাসিক দিন।"
গণফোরাম সভাপতি আইনজ্ঞ ড. কামাল হোসেন বলেন, "ওবামার বিজয় বিশ্বকে একটি নতুন রূপ ও কাঙ্খিত পরিবর্তন এনে দেবে।"
মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী জন ম্যাককেইনকে বিশাল ব্যবধানে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েছেন ডেমোক্রেট দলের বারাক ওবামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/২২৪৫ঘ.
bdnews24