ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া ও জামালপুরে এক শিশুসহ তিনজনকে হত্যা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, কসবা উপজেলার কাইমপুর গ্রামে তৃতীয় শ্রেণীর ছাত্র মো. হাসান মিয়াকে (১০) বুধবার সকালে জবাই করে হত্যা করে তার চাচা।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফরুল্লাহ বলেন, "বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চাচা জহির মিয়া শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে দা দিয়ে জবাই করে হত্যা করে। এরপর লাশ কাঁথা দিয়ে মুড়িয়ে রাখা হয়।"
আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশ জানালে তারা এসে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠায়।
জহির মিয়া কেন ভাতিজাকে হত্যা করেছে- তা জানা যায়নি। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে. একই উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামে মঙ্গলবার রাতে যৌতুকের জন্য রুবী আক্তারকে (২৫) হত্যা করে স্বামী জালাল উদ্দিন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, যৌতুক না পাওয়ার কারণে জালাল মঙ্গলবার রাতে স্ত্রীকে মারধর করলে এক পর্যায়ে সে মারা যায়।
বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে কসবা থানায় একটি মামলা হয়েছে।
জামালপুর প্রতিনিধি জানান, দেওয়ানগঞ্জের কাজলাপাড়া গ্রামে মঙ্গলবার রাতে লিটন (৩৫) নামে একজনকে শ্বাসরোধে হত্যা করে সন্ত্রাসীরা।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল উদ্দিন জানান, "দুর্বৃত্তরা লিটনকে হত্যার পর লাশ কাজলাপাড়া বিলপাড়ে ফেলে রাখে। বুধবার সকালে লাশ উদ্ধার করা হয়।"
পূর্ব শক্রতার কারণে তাকে হত্যা করা হতে পারে বলে মনে করছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এফএফ/এসএনডি/
bdnews24