রাজশাহী, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী নগরীর চরমাজারদিয়াড় খেয়াঘাট থেকে মঙ্গলবার সাড়ে চার হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।
তাদের কাছ থেকে ১২ লাখ টাকা টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- চরমাঝাড়দিয়াড় গ্রামের রুহুল আমিন (৩০), রফিকুল ইসলাম (৩৫), মিন্টু মিয়া (২৮) ও রেজাউল ইসলাম (৩২)।
বিডিআরের নায়েক সুবেদার মোবারক হোসেন জানান, বেলা ১১টার দিকে পদ্মা নদীর চরমাজারদিয়াড় খেয়াঘাটে একটি নৌকা এলে তারা নৌকা ও যাত্রীদের তল্লাশি করেন। এ সময় হুন্ডির ১২ লাখ ৫৪ হাজার ৯৫০ টাকাসহ চারজনকে আটক করা হয়। এর মধ্যে দুই হুন্ডি ব্যবসায়ী নৌকা থেকে নদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়।
আটক চারজনকে দুপুরে টাকাসহ নগরীর রাজপাড়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৩ ঘ.
bdnews24