২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট বিভাগে শিক্ষার হার আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে: ড. সা'দত

বিদেশ গমনের ফলে সিলেট বিভাগে শিক্ষার হার আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান ড. সা'দত হুসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 03:08 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

হবিগঞ্জ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদেশ গমনের ফলে সিলেট বিভাগে শিক্ষার হার আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান ড. সা'দত হুসাইন। তিনি বলেন, "এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে সিলেট বিভাগ মেধাশূন্য হয়ে পড়বে।" বিসিএস পরীক্ষায় অংশগ্রহণে উদ্ভুদ্ধকরণের লক্ষ্যে সোমবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ড. সা'দত এ কথা বলেন। বর্তমানে সিলেট বিভাগে গড় শিক্ষার হার ২০ শতাংশ- এ কথা জানিয়ে তিনি বলেন, "এটা খুবই লজ্জাজনক।" ৪০ থেকে ৫০ দশকের দিকে সিলেটের লোকজন এদেশের নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, "বর্তমানে স্বায়ত্ত্বশাসিত, সরকারি প্রতিষ্ঠান এবং কর্ম কমিশনের চাকরিতে সিলেটের লোকজন পাওয়া যায় না।" সভায় উপস্থিত একজন ২৭তম বিবিস পরীক্ষার ফল নিয়ে বিতর্ক সম্পর্কে জানতে চাইলে ড. সা'দত বলেন, "শিগগিরই এর নিষ্পত্তি হবে। বিষয়টি এখন বিচারাধীন রয়েছে। যা বলার আদালতেই বলব।" ভবিষ্যতে যাতে আর বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস না হয় এ ব্যাপারে কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি। সিলেট বিভাগীয় কমিশনার জাফর আহমদ খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুল কাশেম তালুকদার, বৃন্দাবন কলেজের উপাধ্যক্ষ তাজুল ইসলাম এবং মনতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ হুসেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জেসমিন খান, দিনা আক্তার চৌধুরী, সুহিলা বেগম, হাবিবুর রহমান, অর্জন মোদক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০১ ঘ.