সিরাজগঞ্জ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জ কলেজে সোমবার সকালে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
সংঘর্ষের ঘটনায় আগামী ৬ নভেম্বর পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
আহতদের মধ্যে ছাত্রশিবিরের কলেজ শাখা সভাপতি শাহদত হোসেন (২৫), মামুন (২০), খায়রুল (২১), নাসির (২০), মামুন (২১), আকতার (২১), আবু সাঈদ (২২), শাহাদত (২০), আতাউর (২০), হাসান (২১), আইয়ুব (২০), হান্নান (২২) এবং ছাত্রদল কর্মী সেতুকে (২০) সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে শাহদত হোসেন, শাহাদত ও মামুনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা পাঠানো হয়েছে।
এছাড়া ছাত্রলীগ কর্মী হীরক (২০), রাজু (১৯), লিটন (২২), ভুট্টু (২০) ও সজলকে (২৫) ভর্তি করা হয়েছে শহরের একটি ক্লিনিকে।
আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক নূরনবী জানান, সোমবার সকাল ১১টার দিকে জেলহত্যা দিবস উপলক্ষে ছাত্রলীগ নেতাকর্মীরা কলেজের আমতলায় সমাবেত হয়। এ সময় ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী ক্যাম্পাসে এলে উত্তেজনা দেখা দেয়। ছাত্রলীগ নেতাকর্মীরা শিবিরের নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে চলে যেতে বললে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও দ্বিতীয় দফায় ছাত্রশিবির ও ছাত্রদল যৌথভাবে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনার পর কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উদ্ভূত পরিস্থিতিতে আগামী ৬ নভেম্বর পর্যন্ত কলেজের সকল ক্লাশ বন্ধ ঘোষণা করা হয়েছে।"
জেলা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট আবদুল লতিফ জানান, গুরুতর আহত তিন শিবির নেতাকর্মীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। তিনি হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২৮ ঘ.
bdnews24