২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ পর্যায় থেকে সেনা প্রত্যাহার হচ্ছে

এক বছর ১০ মাস পর মাঠ পর্যায় থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ সোমবার দুুপুরে এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে বঙ্গভবনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 11:34 AM

Updated : 26 Apr 2022, 01:41 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছর ১০ মাস পর মাঠ পর্যায় থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ সোমবার দুুপুরে এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে বঙ্গভবনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন সেনাবাহিনী প্রত্যাহারের কথা জানান। মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে কি না- প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, "হ্যাঁ হচ্ছে, খুব দ্রুতই এটা করা হবে।" জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, "একটি গেজেট আসছে। আপনারা তা দেখবেন।" ২০০৭ সালের শুরুতে জরুরি অবস্থা জারির পরপরই সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়। রোববার নির্বাচনের তফসিল ঘোষণা করে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, "শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশ, বিডিআর, আনসার ও ভিডিপির পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরকেও নিয়োগ করা হবে।" স্বরাষ্ট্র উপদেষ্টা সকালে সাংবাদিকদের বলেন, "জরুরি অবস্থা শিথিল করা হলেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনও অবনতি হবে না- এটা আমি নিশ্চিত।" নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন জরুরি অবস্থা শিথিল বা প্রত্যাহার করা হবে কিনা- জানতে চাওয়া হলে মতিন বলেন, "এ নিয়ে কাজ চলছে। আমি এতটুকু বলতে পারি, যথাসময়ে আপনারা জানতে পারবেন।" আওয়ামী লীগ, বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান রোববার সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থেকে বিধি-নিষেধ তুলে নেওয়া হবে। জরুরি অবস্থা ঘোষণার দুই দিন পর জরুরি ক্ষমতা অধ্যাদেশ জারি করা হয়। এর আওতায় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে বিভিন্ন সময়ে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার। জরুরি অবস্থার মধ্যেই গত আগস্ট মাসে চার সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভায় নির্বাচন হয়। আগামী ১৮ ও ২৮ ডিসেম্বর যথাক্রমে সংসদ ও উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ইএইচবি/জেকে/এমআই/এসকে/১৯১৭ঘ.