বাগেরহাট, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে ও গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় রোববার এক শিশুসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।
এর মধ্যে দুপুরে বাগেরহাটের মোল্লাহাটে বাগেরহাট-মাওয়া-ঢাকা মহাসড়কের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুজন নিহত হয়েছেন।
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলায় তিলছড়ায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণায় বাস চাপায় এ যুবক মারা গেছে। গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সাতপাড়ায় বাস চাপায় মারা গেছে এক শিশু।
বিডিনিউজ র বাগেরহাট প্রতিনিধি জানান, মোল্লাহাটে রোববার দুপুরে বাগেরহাট-মাওয়া-ঢাকা মহাসড়কের ঘাটভিলায় একটি বাস চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অজ্ঞাতনামা এক যুবকসহ দুই বাসযাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫ জন।
নিহতদের মধ্যে অপরজন হচ্ছেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার লাল মিঞা (৫০)।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, রোববার দুপুর দেড়টার দিকে বরিশাল থেকে খুলনাগামী আর.পি. পরিবহনের ওই বাসটি (মেহেরপুর ব ০২-০০২) মোল্লাহাট উপজেলার ঘাটভিলায় পৌঁছালে সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়।
এ সময় ঘটনাস্থলে অজ্ঞাতনামা এক বাসযাত্রী এবং পরে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় লাল মিঞা নামে অপর এক বাসযাত্রী মারা যান বলে জানান তিনি।
আহতদের মধ্যে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ১০ জনের নাম জানা গেছে। এরা হলেন- বিচিত্রা হালদার (২৫), শহীদুল ইসলাম (৫০), মঞ্জুরুল করীম (৪০), জীবন (৪০), গোপাল (৪৮), কাজল সরদার (২৫), শাহেদ আলী (৪০), রুস্তুম শেখ (৬০), ইলিয়াস শেখ (৪৫) ও মতিউর রহমান (৪৪)। এদের বাড়ি খুলনা, বরিশাল ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়।
আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় শনিবার এক শিশুসহ দুই জন নিহত হয়েছে।
স্থানীয় ট্রাফিক সার্জেন্ট ইব্রাহিম হোসেন জানান, শনিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়ায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ পরে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে ভোরে দ্রুতগামী কোন যাত্রীবাহী বাসের চাপায় সে মারা যায়। যুবকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কতর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন জানান, শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সাতপাড়ে বাস চাপায় নিতু বিশ্বাস (১১) নামে এক শিশু নিহত হয়। সে সাতপাড় গ্রামের অংশুপতি বিশ্বাসের মেয়ে।
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২২০২ ঘ.
bdnews24