ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ রোববার জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সকালে হোটেল সোনারগাঁওয়ে বান কি মুনের সঙ্গে দেখা করার পর সেনাপ্রধান সাংবাদিকদের বলেন, "আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশা করছি।"
গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিবও সহায়তার আশ্বাস দিয়েছেন বলে মইন উ আহমেদ জানান।
তিনি বলেন, "আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সফল করতে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা প্রয়োজন। রাজনৈতিক দলগুলোকে স্বতঃস্ফূর্তভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে। এ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সে দায়িত্ব সবার।"
সেনাপ্রধান বলেন, "এ নির্বাচনে সরকার বা নির্বাচন কমিশনের কোনও স্বার্থ নেই। কারণ সরকার বা নির্বাচন কমিশন এ নির্বাচনে অংশ নিচ্ছে না।"
জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ থেকে শান্তিরক্ষী বাহিনীতে সেনা পাঠানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জেনারেল মইন জানান।
তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রয়োজনে আরও শান্তিরক্ষী নেওয়ার আশ্বাসও তিনি (বান কি মুন) দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এজে/এমআই/১২৩২ ঘ.
bdnews24