২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্ত ব্র্যাক কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে

আফগানিস্তানে অপহৃত ব্র্যাকের দুই কর্মকর্তা মুক্তি পেয়েছেন। শিগগিরই তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বেসরকারি এ উন্নয়ন সংস্থার জনসংযোগ শাখার পরিচালক আনোয়ারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 06:10 AM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে অপহৃত ব্র্যাকের দুই কর্মকর্তা মুক্তি পেয়েছেন। শিগগিরই তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বেসরকারি এ উন্নয়ন সংস্থার জনসংযোগ শাখার পরিচালক আনোয়ারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। ওই দুই কর্মকর্তা হলেন- মো: শাহজাহান ও আকতার আলী। আনোয়ারুল হক বলেন, "অপহরণকারীরা স্বপ্রণোদিতভাবেই শনিবার রাতে তাদের গজনী প্রদেশের একটি স্থানে ছেড়ে দেয়। সেখান থেকে সড়কপথে তারা রোববার সকাল ১১টায় কাবুলের ব্র্যাক কার্যালয়ে পৌঁছান।" তিনি জানান, ওই দুই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের দেশে ফিরিয়ে আনা হবে। গত ২৩ অক্টোবর গজনী প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীরা শাহজাহান ও আকতারকে অপহরণ করে। তারা গত তিন বছর ধরে বেসরকারি সংস্থাটির আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কাজ করে আসছেন। ব্র্যাক জানায়, গজনির মোই মোবারক শাখা থেকে চার বন্দুকধারী অস্ত্রের মুখে দুই কর্মকর্তাকে অপহরণ করে। প্রতিদিনের দাপ্তরিক পরিদর্শনের অংশ হিসেবে তারা ওই শাখায় এসেছিলেন। হামলাকারীরা শাখা ব্যবস্থাপক হাসমত উল্লাহকেও মারধর করে। ওই অপহরণের পরপরই ব্র্যাক ঘটনাটি আফগান সরকারকে জানায়। বাংলাদেশ সরকারও অপহৃতদের মুক্তি দেওয়ার আহ্বান জানায়। এর আগে গত বছরের ১২ সেপ্টেম্বর আফগানিস্তানে ব্র্যাক কর্মকর্তা আব্দুল আলিমকে গুলি করে হত্যা করে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা। ওই ঘটনার তিন দিনের মাথায় অপহৃত হন নূরুল ইসলাম নামে ব্র্যাকের আরেক কর্মকর্তা। দীর্ঘ ৮৩ দিন স্বজনদের উদ্বেগাকুল প্রতীক্ষার পর মুক্তি পান তিনি। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনিতে গত তিন বছর ধরে কর্মকাণ্ড পরিচালনা করছে ব্র্যাক। দীর্ঘদিনের গৃহযুদ্ধপীড়িত আফগানিস্তানে মুক্তিপণের দাবিতে বিভিন্ন বাহিনীর সশস্ত্র যোদ্ধাদের বিদেশি অপহরণের এরকম ঘটনা মাঝে মধ্যে ঘটে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এমআই/১২০৫ ঘ.