বগুড়া, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতিসংঘ মহাসচিব বান কি মুন রোববার বগুড়ায় আসছেন।
তিনি জেলার শাজাহানপুর উপজেলার চুপিনগরে গ্রামীণ ব্যাংকের প্রকল্প পরিদর্শন করবেন।
বগুড়ায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক খান শাজাহান আলী জানান, জাতিসংঘ মহাসচিব বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারে করে চুপিনগর আসবেন।
এখানে তিনি ভূমিহীন মহিলা কেন্দ্র পরিদর্শন ও সদস্যাদের সঙ্গে কথা বলবেন। এ ছাড়াও তিনি হস্ত ও কুটির শিল্পের ষ্টল পরিদর্শন করবেন। তার আগমন উপলক্ষে চুপিনগরে হস্ত ও কুটির শিল্পের ১০টি ষ্টল নির্মাণ করা হয়েছে।
শাজাহান আলী জানান, বান কি মুন চুপিনগর থেকে বগুড়া শহরতলীর বেতগাড়ী এলাকায় গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেডের শক্তি দই কারখানা পরিদর্শন করবেন। সব মিলিয়ে তিনি প্রায় এক ঘণ্টা অবস্থান করবেন বলে তিনি জানান।
বগুড়া জেলা প্রশাসক হুমায়ূন কবির জানান, বান কি মুন এর আগমন উপলক্ষে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৭ ঘ.
bdnews24