২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটিস্টিক শিশুদের জন্য সরকারি স্কুলের দাবি করেছেন জাফর ইকবাল

'অটিজমে' আক্রান্ত শিশুদের জন্য রাষ্ট্রীয় উদ্যোগে স্কুল প্রতিষ্ঠার দাবি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহাম্মদ জাফর ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 01:55 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--'অটিজমে' আক্রান্ত শিশুদের জন্য রাষ্ট্রীয় উদ্যোগে স্কুল প্রতিষ্ঠার দাবি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহাম্মদ জাফর ইকবাল। শনিবার বিকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে অটিস্টিক শিশুদের এক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করা সংগঠন "হ্যানস (হ্যালো'স অ্যাসোসিয়েশন অব নিয়োফাইট-স্টুডেন্টস) এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাফর ইকবাল বলেন, "অটিজম সারাবিশ্বেই একটি বড় সমস্যা। আমেরিকায় ১৫০ জন শিশুর মধ্যে একজন অটিস্টিকে আক্রান্ত। বাংলাদেশে সঠিক পরিসংখ্যান না থাকলেও এ সমস্যা এখন বড় সমস্যা। এসব শিশুদের বিকশিত করার লক্ষ্যে বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে রাষ্ট্রীয় উদ্যোগে স্কুল প্রতিষ্ঠা করতে হবে।" তিনি বলেন," বেসরকারি পর্যায়ে ঢাকা ও চট্টগ্রামে কিছু প্রতিষ্ঠান থাকলেও অতি ব্যয়বহুল হওয়ায় সাধারণ মানুষের পক্ষে এসব প্রতিষ্ঠানে পড়া সম্ভব নয়। তাই রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিষ্ঠান খুলতে হবে যাতে সাধারণ মানুষও সেখানে যেতে পারে।" সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড.কামাল আবদুল নাসের চৌধুরী বলেন," অটিস্টিক শিশুদের বিকশিত করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এগিয়ে আসতে হবে। সবাই মিলে সমন্বিত উদ্যোগ নিতে পারলে এ শিশুরাও বিকশিত হতে পারবে।" হ্যানস'র চেয়ারম্যান মীর সোহরাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. রওনক হাফিজ। অনুষ্ঠানে অটিজম শিশুদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। চিকিৎসকদের মতে, অটিজম শিশুদের মস্তিকের বিকাশের একটি প্রতিবন্ধকতা যার লক্ষণ শিশুর জন্মের তিন বছরের ভেতর প্রকাশ পায়। অটিজমে আক্রান্ত শিশুদের ভেতর সামাজিক আচার-আচরণ, যোগাযোগ ও ব্যবহারে প্রচন্ড সমস্যা লক্ষ করা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জিএনএ/১৯৪৯ ঘ.