ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মনীন্দ্রলাল ত্রিপুরাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে আদালত।
তেজগাঁও থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত শনিবার এ আদেশ দেয়।
খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য অনুপম ত্রিপুরা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মনীন্দ্রলাল ত্রিপুরাকে শুক্রবার বিকেলে রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মনীন্দ্রলালকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অনুপম ত্রিপুরা হত্যার সঙ্গে তার জাড়িত থাকার অভিযোগ আদালতকে জানানো হয়েছে। খাগড়াছড়ি থানা পুলিশ পরে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে খাগড়াছড়িতে নিয়ে যাবে।"
ঢাকা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৪ জুলাই অনুপম ত্রিপুরা খুন হন। ওইদিনই খাগড়াছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই হত্যা মামলার গ্রেপ্তার চার আসামির জবানবন্দি অনুযায়ী মনীন্দ্রলালকে শুক্রবার গ্রপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/জিএনএ/১৯২৯ ঘ.
bdnews24