২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় মহিলা নিহত

জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৌলভীবাজারের কুলাউড়া সদর ইউনিয়নের শংকরপুর গ্রামে শুক্রবার রাতে দুলবী বেগম (৪১) নামে এক মহিলা নিহত এবং তিনজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 12:43 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

মৌলভীবাজার, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৌলভীবাজারের কুলাউড়া সদর ইউনিয়নের শংকরপুর গ্রামে শুক্রবার রাতে দুলবী বেগম (৪১) নামে এক মহিলা নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহত সফিক (৩৫), তার ভাই শহীদ মিয়া (৩০) ও ছোট বোন জিয়াসমিন বেগমকে (১৯) মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১১ জনকে আসামি করে কুলাউড়া থানায় একটি মামলা হয়েছে। এদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আবছার খান জানান, সফিক মিয়ার সঙ্গে একই বাড়িতে বসবাসকারী তার ফুফাতো ভাই মতিন মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় এ দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে রাত ১১টার দিকে মতিন ও তার লোকজন লাঠিসোটা ও ধারালো দা দিয়ে সফিকের ঘরে হামলা চালায়। তাদের দায়ের কোপে সফিকের বড় বোন দুলবী বেগম ঘটনাস্থলে মারা যান। আহত সফিক, শহীদ ও জিয়াসমিন বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় শনিবার সফিক মিয়া বাদী হয়ে মতিন মিয়া (২৭), নাজির মিয়া ওরফে বেলাল (৩০), ইউনুছ (৬০), সেলিম (৩৫), বারিক (৪৫), রাজা (৪০), সোবহান (৩৫), রেনু (৪৫), ময়রুন্নেছা (৩৫), ছমিরুন্নেছা (৫৫) ও খয়রুনকে (২৮) আসামি করে কুলাউড়া থানায় একটি মামলা করেছেন। এদের মধ্যে ছমিরুন্নেছাকে শনিবার দুপুরে আটক করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৩৯ ঘ.