ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি ও রপ্তানি শনিবার থেকে অনির্র্দিষ্টকালের জন্যে বন্ধ করে দিয়েছে স্থানীয় আমদানি-রপ্তানিকারক সমিতি।
তারা বন্দরের ১৩টি সমস্যা চিহ্নিত করে এগুলোর নিরসন দাবি করেছেন। অন্যথায় আমদানি-রপ্তানি থেকে বিরত থাকবেন বলে গত বুধবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন সমিতির নেতারা।
জেলা প্রশাসক আবদুল হাই সাংবাদিকদের জানান, আমদানি-রপ্তানিকারক সমিতির চিঠিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে এখনও কোনো উত্তর পাওয়া যায়নি।
আখাউড়া আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার থেকে আখাউড়া চেক পোষ্ট পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা।
এ ছাড়া মহাসড়কের ছয়টি ব্রিজও ভারী যানবাহন চলাচলের অনুপযোগী। বিকল্প হিসেবে কিছু দিন ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা এবং কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর থেকে বিকল্প সড়কে ভারী যানবাহন চলাচল করতো। কিন্তু স্থানীয় প্রশাসন এ দুটি সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে।
তিনি বলেন, এ স্থলবন্দরে রপ্তানিযোগ্য পচনশীল দ্রব্যাদির জন্যে আপটা ও সাপটা সনদ বাধ্যতামুলক করা হলেও আখাউড়া থেকে এ সনদ নেওয়ার ব্যবস্থা নেই।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কোথাও কোন ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখা নেই। ফলে বন্দর দিয়ে আমদানি-রপ্তানির কাজ ব্যাহত হচ্ছে।
বাবুল বলেন, "এসব কারণে আমরা বাধ্য হয়ে আমদানি-রপ্তানি বন্ধ রেখেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৩ ঘ.
bdnews24