২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হরলিকসের 'অসত্য' বিজ্ঞাপন চলছেই

পুষ্টিমান সম্পর্কে অসত্য তথ্য উপস্থাপন করে দেশের গণমাধ্যমগুলোতে হরলিকসের লোভনীয় বিজ্ঞাপন চলছেই। যুক্তরাজ্যে এই বাংলা বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করা হলেও প্রয়োজনীয় আইন না থাকায় এ এ মুহূর্তে কোনো ব্যবস্থা নিতে পারছে না বাংলাদেশ সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামরান রেজা চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2008, 01:49 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

খাদ্য ও স্বাস্থ্য উপদেষ্টা সম্প্রতি ‘এ ধরনের বিজ্ঞাপন প্রচার না করাই ভালো’- এমন পরামর্শ দিলেও দেশের সবচে বেশি বিক্রিত দৈনিক প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় শুক্রবারও হরলিকসের বিজ্ঞাপন ছাপা হয়েছে।

এ বিজ্ঞাপনে বলা হয়েছে, হরলিকস আপনার সন্তানকে করবে ‘আরো লম্বা, আরো শক্তিশালী এবং আরো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন।’

বিজ্ঞাপনের একপাশে ছোটহরফে লেখা হয়েছে- ‘আরো পেশিবহুল, আরো মনোযোগী’

হরলিকসের এসব দাবি ‘অপ্রমাণিত ও অসত্য’- এই অভিযোগে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ড এজেন্সি (এএসএ) সম্প্রতি সেদেশে এ বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করে। একই অভিযোগে নিষিদ্ধ করা হয় ম্যাগি নুডুলসের একটি বাংলা বিজ্ঞাপনও। ম্যাগির বিজ্ঞাপনে দাবি করা হয়, এ নুডুলস শিশুর পেশিকে করে দৃঢ় এবং হাড়কে করে মজবুত।

বাংলাদেশের জন্য তৈরি এ দুটি বিজ্ঞাপন স্যাটেলাইট চ্যানেল ‘নেপালি টিভি’র মাধ্যমে যুক্তরাজ্যে প্রচারিত হচ্ছিল।

হরলিকসের উৎপাদক প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) ও ম্যাগির উৎপাদক নেসলে সেসময় যুক্তরাজ্য সরকারকে জানায়, এসব বিজ্ঞাপন বাংলাদেশের জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে, যুক্তরাজ্যের জন্য নয়। তাদের বক্তব্যে এটা স্পষ্ট যে বাংলাদেশের বিজ্ঞাপন নীতিমালার দুর্বলতার সুযোগেই প্রতিষ্ঠানগুলো এ ধরনের লোভনীয় বিজ্ঞাপন প্রচার করছে।

খাদ্য ও স্বাস্থ্য উপদেষ্টা এ এমএম শওকত আলী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পর্যাপ্ত আইন না থাকলে এ ধরনের কর্মকাণ্ডের বিরদ্ধে আমরা কী ব্যবস্থা নিতে পারি?”

সরকার ইতোমধ্যে এ ব্যাপারে একটি আইন তৈরির কাজ শুরু করেছে বলে জানান তিনি।

এর আগে সোমবার শওকত আলী সাংবাদিকদের জানান, শিশু খাদ্য জাতীয় পণ্যের লোভনীয় বিজ্ঞাপন প্রচার রোধে সরকার দেশের বর্তমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া খাদ্যজাতীয় পণ্যের ভেজালরোধ ও মান নিয়ন্ত্রণে সরকার স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক সাখাওয়াত আলী খান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভুয়া বিজ্ঞাপনের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বাংলাদেশ প্রেস কাউন্সিলে গিয়ে ক্ষতিপূরণ চাইতে পারেন।”

তিনি বলেন, “ভুল বিজ্ঞাপনের কারণে ক্ষতিগ্রস্ত যে কেউ প্রেস কাউন্সিলে গিয়ে বিষয়টি জানাতে পারেন।

“অদালতে যাথাযথ তথ্য প্রমাণ হাজির করতে পারলে সংশ্লিষ্ট বিজ্ঞাপনকারী প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। এর আগেও এ ধরনের রায় হয়েছে।”

বাংলাদেশে এভাবে ভুল তথ্য দিয়ে লেভনীয় বিজ্ঞাপন প্রচারের ঘটনা নতুন নয় বলেও জানান অধ্যাপক সাখাওয়াত।

এই শিক্ষক বলেন, “মিথ্যা দাবি করা হয়েছে এমন কোনো বিজ্ঞাপন প্রচার করা নৈতিক দিক থেকে কোনো গণমাধ্যমেরই উচিৎ নয়।

“গণমাধ্যমগুলোর নীতিনির্ধারকদের উচিৎ একসঙ্গে বসে বিজ্ঞাপনের ব্যাপারে একটি নীতিমালা প্রণয়ন করা।”

প্রতিটি বিজ্ঞাপন প্রচারের আগে এ ব্যপারে সরকারের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করার ওপরও গুরুত্ব দেন সাখাওয়াত আলী খান।

গত সপ্তাহে হরলিকস ও ম্যাগি নুডলসের বাংলা বিজ্ঞাপন নিষিদ্ধ করার পর যুক্তরাজ্যের অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ড এজেন্সি’র (এএসএ) পক্ষ থেকে বলা হয়, এ দুটো বিজ্ঞাপন কেবল ব্রিটিশ বিজ্ঞাপন আইনের পরিপন্থীই নয়, পুষ্টিমান সম্পর্কে এগুলোর বক্তব্যও অসত্য। একটি শিশুকে আরো লম্বা, শক্তিশালী, তীক্ষèধী কিংবা তার পেশিকে দৃঢ় ও হাড়কে মজবুত করার জন্য প্রয়োজনীয় পুষ্টিমান হরলিকস বা ম্যাগিতে নেই।