পঞ্চগড়, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (সদর-আটোয়ারি- তেঁতুলিয়া) আসনে দলীয় প্রার্থী চায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
তারা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজহারুল হক প্রধানকে দলের প্রার্থী ঘোষণা দিয়ে এ আসনে তাকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজহারুল হক প্রধান দাবি করেন, ১৯৬৮ সাল থেকে তিনি পঞ্চগড়ে তিলে তিলে আওয়ামী লীগকে সংগঠিত করেছেন।
বর্তমানে জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতারা এক হয়ে কাজ করছেন। নেতা-কর্মীদের প্রত্যাশা অনুযায়ী তাকে মনোনয়ন দেওয়া হলে এ আসনে বিজয় নিশ্চিত হবে বলেও তিনি দাবি করেন।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি খবিরউদ্দিন আহম্মেদ বলেন, মজাহারুল হক প্রধানকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে তেঁতুলিয়া থেকে সুধাসদন অভিমুখে লংমার্চ এবং সেখানে আমরণ অনশনের ডাক দেওয়া হবে।
আরেক সহসভাপতি রবি মাহমুদ মজাহারুল হক প্রধানকে মনোনয়ন দিয়ে নেতাকর্মীদের অনুভূতি ও মতামতের প্রতি সহানুভুতিশীল হওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহবান জানান।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া আনোয়ার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু তোয়াবুর রহমান আবু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজার রহমান আজু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
১৪ দলীয় জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমূল হক প্রধানও পঞ্চগড়-১ আসনে মনোনয়ন প্রত্যাশী। ইতোমধ্যে তিনি এলাকায় যাতায়াত শুরু করেছেন।
তিনি এ আসনে জোটের মনোনয়ন পাবেন বলে দাবি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাতিল হয়ে যাওয়া গত বছরের ২২ জানুয়ারির নির্বাচনেও তাকে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল। এবারও তিনি মনোনয়ন পাবেন বলে আশা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৬ ঘ.
bdnews24