লক্ষ্মীপুর, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম চর উভুতি গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতের হামলায় এক শিশু নিহত হয়েছে।
নিহত শিশুর নাম শিবলি (১২)। সে চর উভুতি গ্রামের কাতার প্রবাসী শাহজাহান মাঝির ছেলে।
ডাকাতদের হামলায় শাহজাহান মাঝি (৫৫), তার মেয়ে মনোয়ারা (৩৫) ও হাসিনা বেগমও (৩০) আহত হয়েছেন। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে ১৪/১৫ জনের একটি ডাকাত দল শাহজাহানের বাড়িতে হানা দেয়।
ডাকাতরা নগদ প্রায় এক লাখ টাকাসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় বলে জানান তিনি।
ওসি জানান, শিবলির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার এ আর এম আলিফ, সহকারী পুলিশ সুপার মিশুক চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৪১ ঘ.
bdnews24