২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত ব্র্যাক কর্মকর্তা উদ্ধার প্রচেষ্টা তদারকিতে যাচ্ছেন সাবেক কর্মসূচি প্রধান

আফগানিস্তানে অপহৃত বাংলাদেশী বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের দু'কর্মকর্তাকে উদ্ধারের তৎপরতা সমন্বয়ের জন্য ঢাকা থেকে কাবুল যাচ্ছেন সংস্থাটির কর্মকর্তা জালালুদ্দিন আহমদ। বর্তমানে প্রধান কার্যালয়ের এই সহযোগী পরিচালক একসময় আফগানিস্তানে কর্মসূচি প্রধান ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 05:20 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে অপহৃত বাংলাদেশী বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের দু'কর্মকর্তাকে উদ্ধারের তৎপরতা সমন্বয়ের জন্য ঢাকা থেকে কাবুল যাচ্ছেন সংস্থাটির কর্মকর্তা জালালুদ্দিন আহমদ। বর্তমানে প্রধান কার্যালয়ের এই সহযোগী পরিচালক একসময় আফগানিস্তানে কর্মসূচি প্রধান ছিলেন। ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, জালালুদ্দিন আহমদ বুধবার রাতেই কাবুলের উদ্দেশে রওনা হবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপহৃত দুই আঞ্চলিক ব্যবস্থাপক মো. আখতার আলী ও মো. শাহজাহান আলীকে উদ্ধারের তৎপরতা জোরদার করা হয়েছে। কাবুলে ব্র্যাকের কর্মসূচি ব্যবস্থাপক শাহাবুদ্দিন আহমদ গজনি গিয়ে উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছেন। তার সঙ্গে স্থানীয় গভর্নর ও নিরাপত্তা কর্মকর্তাদের আলোচনা হয়েছে। অপহৃত দুই কর্মকর্তার পরিবারের সদস্যরা বুধবার ঢাকায় ব্র্যাকের প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালক (বৈদেশিক) আমিনুল আলমের সঙ্গে দেখা করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সশস্ত্র ব্যক্তিরা গত বৃহস্পতিবার মো. আখতার আলী ও মো. শাহজাহান আলীকে গজনি থেকে অপহরণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনডি/এসকে/২৩১১ঘ.