২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যথায় যুদ্ধাপরাধীদের বিচার হবে জনতার আদালতে: এ কে খন্দকার

সরকার যুদ্ধাপরাধীদের বিচার না করলে তাদের তালিকা প্রকাশ করে বিচারের ভার জনতার আদালতে দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ফরিদপুর, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার যুদ্ধাপরাধীদের বিচার না করলে তাদের তালিকা প্রকাশ করে বিচারের ভার জনতার আদালতে দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার। ফরিদপুর শহরের কবি জসীম উদ্দীন হলে বুধবার দুপুরে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "মানবতা বিরোধী গণহত্যার জন্য যুদ্ধাপরাধীদের বিচার অবিলম্বে শুরু করতে হবে। তা না হলে সেক্টর কমান্ডারস ফোরাম যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ করে বিচারের ভার জনতার আদালতে তুলে দেবে।" আগামী নির্বাচনে যুদ্ধাপরাধীকে ভোট না দেওয়া এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করারও আহ্বান জানান তিনি। অধ্যক্ষ দেলওয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এম শফিউল্লাহ, এম হারুন-অর রশীদ, লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী, মেজর জেনারেল জামিল ডি আহসান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ড. সরোয়ার আলীসহ বৃহত্তর ফরিদপুরের মুক্তিযোদ্ধা, রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বক্তব্য দেন। হারুন-অর-রশীদ বলেন, "আগামী নির্বাচন হবে আরেকটি মুক্তিযুদ্ধ। সে যুদ্ধেও আমাদের বিজয়ী হতে হবে। পরাজয়ের কোনো সুযোগ নেই।" কে এম শফিউল্লাহ বলেন, "সুন্দর ভবিষ্যত ও দেশের জন্যই যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। এদেশ ওরা চায়নি। তাই ওদের সংসদে যাওয়ার কোনো অধিকার নেই।" সভা শেষে শিল্পীরা মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন। সভা শুরুর আগে সেক্টর কমান্ডাররা ফরিদপুরের শহীদ মুক্তিযোদ্ধা ম্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি দেন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/এসকে/২২০৫ঘ.