ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের বৈধতা নিয়ে রিটের শুনানি বুধবার হাইকোর্টে ষষ্ঠ দিনের মতো অব্যাহত থাকে।
বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চ শুনানি গ্রহণ করেন। বৃহস্পতিবারও শুনানি হবে।
শুনানিতে রিটকারী আরিফুর রহমান সোহেলের পক্ষে ব্যারিস্টার আবদুর রাজ্জাক যুক্তি দিয়ে বলেন, নির্বাচন কমিশনের কোন আইন তৈরির এখতিয়ার নেই।
তিনি আরও বলেন, গত ১০ জুলাই সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেটটি সংসদ তৈরি করেনি। এটি নির্বাচন কমিশন জারি করা একটি সাধারণ গেজেট। এর বৈধতা পরীক্ষা করার এখতিয়ার হাইকোর্টের রয়েছে। সংবিধানের ১০২ (২) অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট এর জুডিশিয়াল রিভিউ করতে পারে।
ব্যারিস্টার রাজ্জাক বলেন, আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। তারপর ভোটার তালিকা প্রণয়ন হবে। কিন্তু করা হয়েছে উল্টোটা। ভোটার তালিকা তৈরির জন্য প্রতিটি সংসদীয় আসনে একজন নিবন্ধন কমকর্তা নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। সীমানা পুনর্নির্ধারণ না করে কিভাবে সেই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে বলে প্রশ্ন তোলেন তিনি।
পাল্টা যুক্তিতে নির্বাচন কমিশনের পক্ষে শাহদীন মালিক বলেন, নিয়ম-কানুন ও আইন মেনেই জাতীয় সংসদ আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এর চুড়ান্ত গেজেট জারির আগে আপত্তি আপিল শুনানির সুযোগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, আপত্তি আপিলের নিষ্পত্তির পর সীমানা পুনর্নির্ধারণের চুড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তাই স্বচ্ছতার ভিত্তিতে ও আইন মেনেই তা করেছে নির্বাচন কমিশন।
গত ৬ আগস্ট সাবেক বিমান প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক সাংসদ আবদুল মান্নান সীমানা পুননির্ধারণের বৈধতা নিয়ে রিট দায়ের করেছিলেন।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ আগস্ট গেজেটটির কার্যতারিতা তিন মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্ট ওই গেজেট কেন সংবিধান পরিপন্থি ও বাতিল ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি রুলনিশি জারি করেছিল।
একই বিষয় নিয়ে আদালত এ বিষয় নিয়ে এ বি এম নুরুল ইসলাম ও আরিফুর রহমানও রিট দায়ের করেছিলেন। সবগুলো রিটের শুনানি একসঙ্গে চলছে।
গত ১০ জুলাই জাতীয় সংসদের তিনশ'টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চুড়ান্ত গেজেট জারি করা হয়েছিল।
নির্বাচন কমিশনের যুক্তি, ২০০১ সালের আদমশুমারির পর নিয়ম অনুযায়ী আসনের সীমানা পুনর্নির্ধারণ করা না হওয়ায় তা অপরিহার্য হয়ে পড়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২১৩৯ঘ.
bdnews24