ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর প্রাণপ্রবাহ বলে পরিচিত বুড়িগঙ্গার দুই তীরে বরাদ্দ দেওয়া লিজ পুনর্বিবেচনা ও নতুন করে লিজ না দেওয়াসহ নয়টি সুপারিশ করেছে টাস্কফোর্স।
বুড়িগঙ্গা নদীর নাব্যতা ও স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখার উপায় খুঁজতে চলতি বছরের জুন মাসে পানিসম্পদ মন্ত্রণালয় এ টাস্কফোর্স গঠন করে। টাস্কফোর্স বুধবার তাদের সুপারিশ জমা দিয়েছে।
টাস্কফোর্সের চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী সচিবালয়ে সাংবাদিকদের জানান, বুড়িগঙ্গায় শিল্পকারখানার বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ, তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলারও সুপারিশ করেছেন তারা।
প্রতিবেদন পাওয়ার পর পানিসম্পদ উপদেষ্টা সি এস করিম সাংবাদিকদের বলেন, "নদীকে বিরক্ত করবেন না। নদীর অধিকার নদীকে ফিরিয়ে দিতে হবে। বুড়িগঙ্গায় কোনো অবস্থাতেই বর্জ্য ফেলা যাবে না। নদী পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে। দু'তীরের জায়গাকে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে।"
বুড়িগঙ্গা পুনরুদ্ধারের জন্য নতুন কোনো আইন প্রণয়নের প্রয়োজন হবে না মন্তব্য করে উপদেষ্টা বলেন, বর্তমান আইনেই তা সম্ভব।
বর্তমান সরকার এ কাজ শুরু করে যাবে জানিয়ে তিনি বলেন, "ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা কাজটি অব্যাহত রাখবেন বলে আমরা আশা করি।"
তিনি বলেন, "বুড়িগঙ্গা এখনো মরে যায়নি। এর প্রবাহ বাড়ানো গেলে পরিবেশ দুষণ রোধসহ নাগরিক জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে।"
বুড়িগঙ্গাকে বাঁচাতে সংবাদকর্মীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এনাম আহমেদ চৌধুরী জানান, মৃতপ্রায় বুড়িগঙ্গাকে পুনর্জীবিত করতে টাস্কফোর্সের অনেক সুপারিশ এরইমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। প্রায় সাড়ে চার হাজার অবৈধ স্থাপনার মধ্যে আড়াই হাজার উচ্ছেদ করা হয়েছে। দখল দুটি খাল (সুভাড্ডা ও সূতি) খুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, বুড়িগঙ্গার সঙ্গে সংযোগ রয়েছে এমন আরো ২৬টি খাল ভরে ফেলেছে দখলদাররা। এসব খাল পুনঃখননের সুপারিশ করা হয়েছে।
তিনি বলেন, "সিএস ও আরএস পর্চা (ম্যাপ) পর্যালোচনা করে নদীর দুই তীরের লিজ বাতিল করা যায় কিনা- সেটি বিবেচনার সুপারিশ করেছি। পাশাপশি নতুন করে কোনো জায়গা লিজ না দেওয়ার জোর সুপারিশ করা হয়েছে।"
নদীর নাব্যতা রক্ষায় নিয়মিত ড্রেজিং করার কথাও বলা হয়েছে টাস্কফোর্সের প্রতিবেদনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এডি/এসএনডি/এসকে/২০৫০ঘ.
bdnews24