ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীসহ ৭ জনের বিরুদ্ধে দোকান লুট ও দখলের মামলা আবার তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মুন্সি আব্দুল মজিদ এ আদেশ দেন।
মামলার ঘটনাটি সাজানো বলে এর আগে লালবাগ থানা পুলিশ আমিনী ও অন্য অভিযুক্তদের অব্যাহতির আবেদন জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল।
গত বছরের ১৯ ফেব্র"য়ারি ১৬ নম্বর বড় কাটরার হযরত মাওলানা আব্দুল ওয়াহ্হাব পীরজি হুজুর (রহঃ) ওয়াক্ফ এস্টেটের পক্ষ থেকে হাফেজ মাওলানা মোঃ ছানাউল্লাহ লালবাগ থানায় এস্টেটের দোকান ভেঙে মাল লুট ও দোকান দখলের চেষ্টার অভিযোগে আমিনীসহ সাত জনের বিরুদ্ধে মামলা করেন।
তদন্তকারী অফিসার লালবাগ থানা পুলিশের উপ পরিদর্শক মো. বরকত আলী ওই দোকানটি ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি নয়, বরং মাদ্রাসার সম্পত্তি উল্লেখ করে অভিযুক্তদের অব্যাহতি দেওয়ার আবেদন করে গত বছরের শেষদিকে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন।
কিন্তু বাদি ছানাউল্লাহ্ ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। দীর্ঘ ১০ মাস পর গত ২৩ অক্টোবর আবেদনটির শুনানির পর মঙ্গলবার হাকিম বাদির নারাজি আবেদন মঞ্জুর করে আবারও তদন্তের জন্য থানাকে নির্দেশ দেন।
এদিকে অভিযুক্তদের আইনজীবি জয়নাল আবেদীন মেসবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদী ছানাউল্লাহর বাবা কেয়ারটেকার শহিদুল্লাহর কাছে মাদ্রাসা কর্তৃপক্ষ ১০ লাখ ৪৫ হাজার টাকা পায়। শহিদুল্লাহ এই টাকা ফেরত না দিয়ে ছেলেকে দিয়ে মিথ্যা মামলা করিয়েছেন। এই পাওনা টাকা নিয়ে লালবাগ থানার একটি মামলা বিচারাধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮৫৫ঘ.
bdnews24